West Bengal

1 hour ago

Bengal Weather Forecast: শনিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও

Scattered rain is forecast for some districts of South Bengal
Scattered rain is forecast for some districts of South Bengal

 

কলকাতা, ৬ জুন : শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তিও বজায় থাকবে। বৃষ্টি হলেও তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ার সম্ভাবনা কম। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। দক্ষিণবঙ্গে রবিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। শনিবার তুলনামূলকভাবে বৃষ্টির প্রবণতা কিছুটা কম থাকতে পারে। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আলাদা করে কোনও সতর্কতা নেই। হুগলিতে সোমবার, দক্ষিণ ২৪ পরগনায় রবিবার, পূর্ব মেদিনীপুরে রবিবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকবে। সমুদ্রে মৎস্যজীবীদের জন্যেও আপাতত কোনও সতর্কবার্তা নেই।

এদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। কালিম্পঙে মঙ্গলবার থেকে এবং দক্ষিণ দিনাজপুরে বুধবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে তার আগেও বৃষ্টি হবে। উত্তরের সব জেলাতেই আগামী কয়েক দিন টানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি আছে।

প্রসঙ্গত, ৪ জুন কেরলমে বর্ষা প্রবেশ করেছে। কেরলমের সঙ্গে সঙ্গে তামিলনাড়ু এবং কর্ণাটকের কিছু অংশেও ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতে ঢুকে যাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।

You might also like!