
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বদলের বাংলায় রাজস্ব আদায়েও নতুন নজিরের দাবি। সরকার বদলের পর বীরভূমে পাথরের ডিসিআর থেকে রাজস্ব সংগ্রহে উল্লেখযোগ্য অঙ্কের সাফল্যের কথা সামনে আনল রাজ্য সরকার। গত সরকারের আমলে গোটা অক্টোবর মাসে এই খাতে যে পরিমাণ রাজস্ব জমা পড়েছিল, চলতি বছরে মাত্র একদিনেই তার চেয়ে বেশি অর্থ সরকারি কোষাগারে জমা পড়েছে বলে দাবি করা হয়েছে। ১১ অক্টোবর পাথরের ডিসিআর থেকে ৩ কোটি ৪৪ লক্ষ টাকারও বেশি রাজস্ব আদায় হয়েছে। এই পরিসংখ্যান তুলে ধরে রাজস্ব ফাঁকি রোখার ক্ষেত্রে নতুন সরকারের পদক্ষেপকে বড় সাফল্য হিসেবে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী তথা সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়ও।
প্রসঙ্গত, বিগত সরকারের আমলে বীরভূম জেলা জুড়ে কার্যত ডিসিআরের নিয়ন্ত্রণ ছিল অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডলের হাতে! যার ফলে প্রাপ্য অর্থের দশ শতাংশও সরকারি কোষাগারে জমা পড়ত না বলে লাগাতার অভিযোগ জানিয়ে এসেছেন বিজেপি নেতারা। সরকার বদল হতেই টুলু মণ্ডলের কীর্তি সামনে এসেছে। বীরভূমজুড়ে তাঁর সমস্ত দুর্নীতি আজ প্রকাশ্যে। বন্ধ সমস্ত বেআইনি কারবার। গ্রেপ্তার করা হয়েছে টুলুর একের পর এক ঘনিষ্ঠকে। এমনকী কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে জেলা প্রশাসন। এর ফলে পরিস্থিতির যে পরিবর্তন হয়েছে, সাম্প্রতিক রাজস্ব আদায়ের পরিসংখ্যানকে তারই সাক্ষ্য হিসেবে তুলে ধরছে রাজ্য সরকার। সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রকাশিত হিসাব অনুযায়ী, গত বছরের অক্টোবর মাসে পাথরের ডিসিআর থেকে রাজ্যের রাজস্ব আদায় হয়েছিল প্রায় ৩ কোটি ২৮ লক্ষ টাকা। সেখানে চলতি বছরের ১১ অক্টোবর এক দিনেই আদায় হয়েছে ৩ কোটি ৪৪ লক্ষ ১১ হাজার ৪১০ টাকা। অর্থাৎ, গত বছর গোটা মাসে আদায় হওয়া রাজস্বের অঙ্ককে এ বার এক দিনের সংগ্রহই ছাপিয়ে গিয়েছে।
চলতি বছরের ১ থেকে ১১ অক্টোবর পর্যন্ত বীরভূমে এই খাতে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ৩২ কোটি ১৭ লক্ষ ৩৮ হাজার ৫৯৫ টাকা ২০ পয়সা। এই সময়ে মোট ৪১ হাজার ৩৩৩টি রসিদ তৈরি হয়েছে। ১০ অক্টোবর যেখানে আদায় হয়েছিল ২ কোটি ৩০ লক্ষ ৬৫ হাজার ২০ টাকা, সেখানে পরের দিনই আদায় এক ধাক্কায় তিন কোটি ৪৪ লক্ষ টাকা ছাড়িয়ে যায়। ৮ অক্টোবরও ৩ কোটি ২৩ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা রাজস্ব জমা পড়েছিল। মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে এই সাফল্যের কথা তুলে ধরে জেলা প্রশাসন ও ভূমি দফতরকে ধন্যবাদ জানিয়েছেন। চলতি মাসে পাথরের রাজস্ব থেকে ১০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশাও প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি, রাজস্ব ফাঁকির বিরুদ্ধে নতুন সরকারের পদক্ষেপের ফলেই এই পরিবর্তন সম্ভব হয়েছে। এখন নজর অক্টোবরের বাকি দিনগুলির দিকে। প্রথম ১১ দিনেই ৩২ কোটি টাকার বেশি আদায়ের পর মাস শেষে ১০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা পূরণ হয় কি না, সেটাই দেখার।
এছাড়াও এদিন নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর কলকাতার রাজপথে বিজয় মিছিল করল বিজেপি। জয়ী প্রার্থীদের সঙ্গে মিছিলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ দলের শীর্ষ নেতৃত্ব। মিছিল শেষে আয়োজিত সভা থেকে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবীরকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। হুমায়ুনের ‘ভাগীরথী’ মন্তব্যের প্রসঙ্গ টেনে কটাক্ষ করে তিনি বলেন, “৩০ ভাগকে ভাগীরথীর জলে ভাসাবে বলেছিল। এখন নিজেই নাকের জলে চোখের জলে ভাসছে।” একই সঙ্গে রেজিনগরের উপনির্বাচনের ফলকে সামনে রেখে বিজেপি সংখ্যালঘুদের ভোট পায় না, এই ধারণা বা ‘মিথ’ ভেঙে গিয়েছে বলে দাবি করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের ধারায় শামিল হতে সংখ্যালঘুদের একাংশও এখন মূলস্রোলে থাকতে চাইছেন। রেজিনগরের ফলাফলকে সেই পরিবর্তনের ইঙ্গিত হিসেবেই তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
শুভ নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিনীর চরণে প্রণাম জানাই। মা সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুন। আজ বীরভূম জেলা প্রশাসনের একটি উল্লেখযোগ্য সাফল্য আপামর পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে ভাগ করে নিতে চাই। গতকাল, নবরাত্রির প্রথম দিনেই, পাথরের ডিসিআর থেকে সর্বমোট ৩ কোটি ৪৪ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছে, যা এক দিনে আদায়ের সর্বকালীন রেকর্ড। উল্লেখ্য, গত বছর আগের সরকারের আমলে পুরো অক্টোবর মাসে এই খাতে আদায় হয়েছিল মাত্র ৩ কোটি ২৮ লক্ষ টাকা। চলতি অক্টোবরের প্রথম ১১ দিনেই আদায় হয়েছে ৩২ কোটি ১৭ লক্ষ টাকা। পাথরের রাজস্ব থেকে মাসে ১০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা আমরা এবার ছাড়িয়ে যাব বলে আমি আশাবাদী। রাজস্ব ফাঁকি রোধ ও সরকারি কোষাগারের আয় বৃদ্ধিতে এই সাফল্যের জন্য বীরভূম জেলা প্রশাসন ও ভূমি দফতরকে আন্তরিক ধন্যবাদ। স্বচ্ছ প্রশাসন, রাজস্ব আদায়ে শৃঙ্খলা এই আমাদের অঙ্গীকার। জয় মা দুর্গা 🙏
— Suvendu Adhikari (@SuvenduWB) October 12, 2026
