
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : প্রথম দফার শেষলগ্নে রক্তাক্ত খয়রাশোল। ইভিএমে কারচুপির অভিযোগে গণ্ডগোলের সূত্রপাত। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় খয়রাশোল ব্লকের বুধপুর গ্রাম। ভোটারদের অভিযোগ, ৬৫ নম্বর বুথে তৃনমূলের প্রতীকে ভোট দিলে, তা বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়ছে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শুরু করেন ভোটাররা। ভোটকর্মীদের বলে ভোট বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। এরপরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। উত্তেজিত জনতার ক্ষোভ গিয়ে পড়ে বাহিনীর উপরে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে শুরু হয় হামলা। মুহুর্মুহু ইটবৃষ্টিতে পরিস্থিতি কার্যত উত্তপ্ত হয়ে ওঠে। গোটা গ্রামজুড়ে হুড়োহুড়ি পড়ে যায়। একের পর এক গাড়িতে দেদার ভাঙচুর চলে। পালটা লাঠি উঁচিয়ে উত্তেজিত জনতাকে তাড়া করে বাহিনী। ক্ষুব্ধ জনতার ইটবৃষ্টিতে জখম হন বেশ কয়েকজন জওয়ান। গোটা এলাকায় ছেয়ে যায় পুলিশ। পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতেও দেখা যায় পুলিশকে।
