
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছে দীর্ঘদিনের চাপা ক্ষোভ ও অসন্তোষ। তৃণমূলের নিচুতলার কর্মী থেকে শুরু করে সমাজের একাংশের বিশিষ্ট মানুষও এবার সরব হচ্ছেন বিদায়ী সরকারের নানা সিদ্ধান্ত ও কাজকর্ম নিয়ে। সেই আবহেই এবার ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট করে নতুন জল্পনার জন্ম দিলেন রাজ্যের প্রাক্তন আমলা তথা হিডকোর প্রাক্তন চেয়ারম্যান দেবাশিস সেন।
বুধবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে রবীন্দ্রসঙ্গীতের একটি লাইন পোস্ট করেন তিনি—‘আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে’। আরও লিখলেন, ‘এখন দরজা খুলেছে। ইচ্ছে মতো চলব।’ এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর জল্পনা। অনেকেই প্রশ্ন তুলছেন, প্রাক্তন এই আমলা আসলে কাদের উদ্দেশে এই বার্তা দিলেন? এবং এতদিন কোন পরিস্থিতির কারণে তিনি নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন?
দেবাশিস সেন রাজ্যের প্রাক্তন আমলা। একাধিক দপ্তর সামলানোর পর তাঁকে হিডকোর চেয়ারম্যান পদে বসিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ২০২৪ সালে সেই পদ থেকে অবসর নেওয়ার আগে পর্যন্ত হিডকোয় তাঁর কাজ বিপুল প্রশংসা পেয়েছিল। কিন্তু অবসরের পর থেকে কার্যত অন্তরালে চলে গিয়েছিলেন এই কৃতী আমলা। এবার ছাব্বিশের ভোটে রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসার পরই মুখ খুললেন দেবাশিস সেন। ফেসবুক পোস্টে একলাইনের রবীন্দ্রসঙ্গীত লিখেই বোঝালেন অনেক কিছু। গত দু’বছরের যন্ত্রণার কথা তুলে ধরে লিখেছেন, “সুপ্রভাত। গত দু’বছর যথাসম্ভব চেষ্টা করেছি দূরে থাকতে। কারণ কিছু অত্যন্ত নীচ ট্রোলারদের উৎপাত। এখন দরজা খুলেছে। ইচ্ছে মতো চলব।”

পোস্টের কমেন্টে অবশ্য ‘মুক্তি’ সবিস্তারে বলেছেন দেবাশিস সেন। তিনি লিখেছেন, ‘গত দু’বছর আমাকে নিউটাউনে একজন সাধারণ নাগরিক হিসাবে ঢুকতে দিতেও কার্যত নিষেধাজ্ঞা জারি ছিল। বলা হতো ওপর থেকে নির্দেশ আছে। সার্ভেলেন্স জারি হয়েছিল। আমি আমার বন্ধুদের সাথে কফি হাউসে গেলে তাদের পুলিশ থেকে শাসানো হয়েছিল, আর যেন আমার সঙ্গে যোগাযোগ না রাখে। কোন অনুষ্ঠানে আমাকে অতিথি করা বারণ ছিল। চাপ দিয়ে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকেও প্রভাবিত করা হত। ভয়ে সবাই মেনে নিতে বাধ্য হত। ইকো পার্কের সোলার ডোমের, পুরীতে জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তনী হিসাবে আমন্ত্রণ করা তো দূরের কথা, পরেও কেউ দেখতে যেতে বলেনি।’ আরও লিখেছেন, ‘আজ আমি খোলা মনে মাথা উঁচু করে ইকো পার্কে টিকিট কেটে যেতে পারব। আর পাঁচ জনের মত, পারব কফি হাউসে আড্ডা দিতে। Persona non-grata থেকে আবার দেবাশিস সেন। তাই আমি মুক্ত। জয় জগন্নাথ।’
