
কলকাতা, ১৯ এপ্রিল : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আরও বাড়বে গরম। একইসঙ্গে বৃদ্ধি পাবে অর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার দিন লাফিয়ে লাফিয়ে বাড়বে তাপমাত্রা। তবে, দক্ষিণবঙ্গের কয়েক জেলায় কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির পাশাপাশি, ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সেখানে তাপমাত্রার হেরফের হবে না।
শুষ্ক উত্তর-পশ্চিমি বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে গরম বাড়বে। আগামী চার দিন তাপমাত্রা বাড়বে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। তার পরে তিন দিন তাপমাত্রার হেরফের হবে না। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে গরমের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী শুক্রবার পর্যন্ত ওই জেলাগুলিতে ভ্যাপসা গরমের সতর্কতা রয়েছে। পাশাপাশি, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে সোমবারও। কলকাতায় আপাতত কালবৈশাখীর সম্ভাবনা নেই। রবিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি।
