দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মেয়ো রোডের শহিদ স্মরণ সভার মঞ্চ থেকে ফের তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে নিশানা করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বক্তব্য রাখতে গিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন, “অভিষেককে ছেড়ে আসুন, আপনাকে এক মাস সময় দিচ্ছি।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, কয়েক দিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে যোগ দিয়েছেন মদন মিত্র। বিধানসভায় ঋতব্রতদের সঙ্গে বৈঠকের পরই তিনি প্রকাশ্যে ‘আসল’ তৃণমূলের সঙ্গে থাকার ঘোষণা করেন।
সেদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন, তাঁর জন্যই দল ভাঙছে বলে জোরালো অভিযোগ করেছিলেন মদন। এবার শহিদ দিবসের মঞ্চ থেকেও মমতা ও অভিষেককে নিশানা করলেন মদন মিত্র। ‘পুত্র স্নেহে অন্ধ ছিলেন, স্বীকার করুন। অভিষেককে ছেড়ে আসুন এক মাস সময় দিচ্ছি।” মমতাকে নিশানা করে ‘আসল’ তৃণমূলে আসার আহ্বান করলেন তিনি। ‘আসল’ তৃণমূল শিবিরের তরফে কলকাতার মেয়ো রোডে এদিন শহিদ দিবস সমাবেশ হয়। সেই মঞ্চেই কার্যত ফের কালীঘাট তৃণমূলকে নিশানা করলেন মদন মিত্র। অভিষেককে ছেড়ে তাঁদের সঙ্গে আসার আবেদন করলেন তিনি। মমতাকে নিশানা করে মদন বলেন, “একবার স্বীকার করুন পুত্রস্নেহে অন্ধ হয়ে ছিলেন। একটাও ডিম মাথায় পড়বে না। আপনি এগিয়ে আসুন, আমরা উত্তরীয় পেতে দেব।” এর আগে বিক্ষুব্ধদের ফিরে আসার জন্য চ্যালেঞ্জ ছুড়ে বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, বিক্ষুব্ধরা ফিরে আসুক, একঘণ্টার মধ্যে পদত্যাগ করবেন। তবে কেউ ফিরবেন না, সেই কথাও জোর গলায় বলেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। মদন তাঁর বক্তব্যে সেই প্রসঙ্গ টেনে মমতাকে বার্তা দিয়েছেন। তাঁর কথায়, “আমরা একমাস সময় দিচ্ছি, অভিষেকের হাত ছেড়ে তৃণমূলে আসুন।”
অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত চাটার্ড বিমানে যাতায়াত করেন বলে আগেই অভিযোগ করেছিলেন মদন মিত্র। গতকাল ফেসবুক লাইভে এসে অভিষেককে আরও একহাত দিয়েছিলেন। মদনের বক্তব্য, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, আমাকে ধমকে-চমকে লাভ নেই। ডায়মন্ড হারবার মডেল দিয়ে আর যাকেই চমকাস, আমাকে চমকাস না। লাভ হবে না। আমি ওসবে ভয় পাই না। দালাল বলা হচ্ছে? এই মদন মিত্রই শুধু দালালি করেনি কারও। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ঝাঁপিয়ে যে লড়েছে, তার নাম মদন মিত্র। ২৭ মাস জেলে থেকে বেরিয়ে এসেও আমি তিনগুণ ভোটে জিতেছি।” এদিন বিক্ষুব্ধদের আরও একবার তারামণ্ডলের সভামঞ্চ থেকে তীব্র আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা বেরিয়ে গিয়েছেন, তাঁরা পরে ফিরে আসতে চাইলেও যেন নেত্রী না নেন, মমতা বন্দ্যোপাধ্যয়ের কাছে সেই আবেদন করেছেন অভিষেক।
