Entertainment

2 years ago

Tiger 3:‘টাইগার ৩’–তে সালমানের সঙ্গে থাকছেন আরও দুই তারকা

Hrithik Roshan, Shah Rukh Khan ,Salman Khan
Hrithik Roshan, Shah Rukh Khan ,Salman Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যশরাজ ফিল্মের ‘টাইগার ৩’ মুক্তি পাবে ১২ নভেম্বর। মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। নতুন খবর, মার্কিন চলচ্চিত্রবিষয়ক সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, সিনেমাটিতে কেবল সালমানই নন, দেখা যাবে শাহরুখ খান ও হৃতিক রোশনকেও। 

‘টাইগার ৩’-তে অতিথি চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। শাহরুখ ও হৃতিক দুজনেই যশরাজ ‘স্পাই ইউনিভার্স’-এর সিনেমা ‘পাঠান’ ও ‘ওয়ার’-এর অভিনেতা। এই দুই ফ্র্যাঞ্চাইজিতে পাঠান ও কবীর চরিত্রে অভিনয় করেন দুজন।

‘টাইগার ৩’-এর প্রধান দুই চরিত্রে ভারতীয় গুপ্তচর অবিনাশ সিং রাঠোর ও পাকিস্তানি গুপ্তচর জোয়ার চরিত্রে অভিনয় করেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এবার জানা গেল, আদিত্য চোপড়া প্রযোজিত এই স্পাই ইউনিভার্সের নতুন সিনেমায় দেখা যাবে শাহরুখ ও হৃতিককে।

২০১২ সালে ‘এক থা টাইগার’ দিয়ে শুরু হয় ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজিটি। এরপর ২০১৭ সালে মুক্তি পায় এটির সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। এরপর যশরাজ স্পাই ইউনিভার্সে যুক্ত হয় আরও দুই সিনেমা ‘ওয়ার’ ও ‘পাঠান’। তবে ‘পাঠান’-এর আগে এই ইউনিভার্সের সিনেমায় ক্রস ওভার দেখা যায়নি। চলতি বছর মুক্তি পাওয়া ‘পাঠান’-এ অতিথি চরিত্রে ‘টাইগার’ হিসেবে এসে চমকে দেন সালমান খান। পর্দায় দুই তারকার রসায়ন ব্যাপকভাবে আলোচিত হয়। 

তখনই বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করে সালমানের ‘টাইগার ৩’-তেও থাকবে ‘পাঠান’ চরিত্রের উপস্থিতি। মূলত ‘পাঠান’ মুক্তির পর থেকেই যশরাজের স্পাই ইউনিভার্সের সিনেমাগুলোতে বড় তারকাদের উপস্থিতি নিয়ে খবর হতে থাকে। এ পর্যন্ত মুক্তি পাওয়া স্পাই ইউনিভার্সের চারটি সিনেমা ৩০০ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে।বলিউডের একটি সূত্র ভ্যারাইটিকে জানিয়েছে, আদিত্য চোপড়া যশরাজ স্পাই ইউনিভার্সকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চান। এ জন্য এই ইউনিভার্সের প্রতিটি কিস্তিতেই থাকবে নানা চমক। 

সূত্রটি ‘টাইগার ৩’-তে পাঠান ও কবীরের উপস্থিতির বিষয়টিও নিশ্চিত করেছেন। যদিও ছবিতে শাহরুখ খান ও হৃতিক রোশনের উপস্থিতির বিষয়টি গোপন রাখা হয়েছে। গত এক মাসে মুক্তি পাওয়া সিনেমাটির টিজার বা ট্রেলারে কোথাও দেখা যায়নি শাহরুখ বা হৃতিককে। যেমনটা গোপন রাখা হয়েছিল ‘পাঠান’-এ সালমানের উপস্থিতিও। প্রযোজকেরা চান, দীপাবলি উৎসবে সিনেমাটি মুক্তির পর ‘টাইগার ৩’-তে শাহরুখ ও হৃতিকের উপস্থিতি দর্শকের মুখে মুখে ছড়িয়ে পড়ুক।


You might also like!