
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বলি বাদশার 'জওয়ান'। তাঁর আগে ২৮ অগাস্ট বিক্ষোভ শুরু হয় মন্নতের বাইরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কারণে সেখানে মোতায়েন করা হয় পুলিশ। অনেকেই সেই সময় মনে করেছিল এই বিক্ষোভের নেপথ্যে রয়েছে শাহরুখের আসন্ন ছবি 'জওয়ান'। তবে না, এই ধারণা একেবারেই ভুল। ওখানে প্রতিবাদ করতে শুরু করে আনটাচড ইন্ডিয়া ফাউন্ডেশনের লোকেরা। সম্প্রতি অনলাইন গেমিং প্ল্যাটফর্ম A23 গেমসের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হয়েছেন এবং প্রোমোর জন্য শ্যুট করেছেন সেই কারণেই মূলত এই বিক্ষোভ।
এই বিক্ষোভের আগে এই সংগঠন এক বিজ্ঞপ্তি জারি করে যেখানে লিপিবদ্ধ করা হয় যে, ‘বিখ্যাত অভিনেতা এবং অভিনেত্রীরা এই বিজ্ঞাপনগুলিতে কাজ করেন এবং তারা সমাজকে বিপথগামী করার জন্য কাজ করছেন। আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শাহরুখ খানের মান্নাত বাংলোর বাইরে বিক্ষোভ দেখান হবে।’
আনটাচড ইন্ডিয়া ফাউন্ডেশনের সভাপতি কৃষচন্দ্র আদল বলেন, ‘নতুন প্রজন্ম জঙ্গলি রামি খেলার সঙ্গে জড়িত। কেউ যদি জঙ্গলি রামি বা বাইরে জুয়া খেলে পুলিশ তাদের গ্রেফতার করে। কিন্তু, বলিউডের বড় বড় তারকারা অনলাইন গেমের প্রচার করে। তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে।’ উনি আরও বলেন, ‘বলিউড তারকারাও জানে এটা ভুল। কিন্তু, তারা টাকা পাচ্ছে তাই তারা তাদের প্রচার করছে। আমরা এই তারকাদের তাদের সিনেমা দেখে এবং তাদের জন্য আমাদের অর্থ ব্যয় করে বিখ্যাত করি। আমরা এই বিজ্ঞাপনগুলি বন্ধ করার দাবি জানাই। এই অ্যাপগুলি অবৈধ। গুগলে খুঁজলে অনেক সময়ই পাওয়া যায় না। তবে এই অ্যাপগুলি ব্যক্তিগত ওয়েবসাইটে আপলোড করা হয়।’
সুত্র মারফত জানা গিয়েছে, ওই ঘটনায় ৪-৫ জনকে আটক করেছে মুম্বই পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ওই ঘটনার কিছু ভিডিও।
