
ত্রিশূর, ২৪ সেপ্টেম্বর : প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিমানযাত্রা বিতর্ক, শবরীমালা মন্দিরের স্বর্ণমুকুট এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিরোধীদের তোলা একাধিক অভিযোগের কড়া জবাব দিলেন কেরলের মন্ত্রী কে মুরলীধরন। প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিমান ভ্রমণ সংক্রান্ত বিতর্ক প্রসঙ্গে বৃহস্পতিবার মন্ত্রী বলেন, “পিনারাই আগেও একই সংস্থার বিমান ব্যবহার করেছেন। এই সফরের স্পনসর কে ছিলেন, তা মুখ্যমন্ত্রী নিজেই প্রকাশ করবেন।”
শবরীমালা প্রসঙ্গ টেনে তিনি জানান, দেবস্বম বোর্ডের তথ্য অনুযায়ী মন্দিরের পবিত্র স্বর্ণমুকুট সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সরেজমিনে পরিদর্শন করে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে। মন্ত্রী স্পষ্ট জানান, শবরীমালা সংক্রান্ত কোনও বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রী তাঁকে দেননি। তবে মন্দিরের উন্নয়নে তহবিলের কোনও ঘাটতি নেই এবং প্রয়োজনে সরকার কঠোর পদক্ষেপ নেবে।
রাজ্যের হাসপাতালগুলিতে ওষুধের সংকট নিয়ে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে মন্ত্রী কটাক্ষের সুরে বলেন, “রাজ্যের কোনও সরকারি হাসপাতালেই ওষুধের অভাব নেই। তবে কিছু মানুষের অহেতুক ঈর্ষা বা হিংসার কোনও ওষুধ চিকিৎসা বিজ্ঞানে নেই।”
