
আদিলাবাদ, ২২ সেপ্টেম্বর : তেলেঙ্গানার আদিলাবাদের রাজীব গান্ধী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! সোমবার গভীর রাতে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় এক পাঁচ দিনের নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়াও আরও একটি শিশুর মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্মী ও দমকলের তৎপরতায় ওই ওয়ার্ডে ভর্তি থাকা বাকি ২৮টি শিশুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
দমকল বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার রাত প্রায় ১১টা ৫০ মিনিট নাগাদ হাসপাতালের ওই ওয়ার্ডটিতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর পেয়েই দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ চালিয়ে ওয়ার্ডে থাকা ২৮ শিশুকে নিরাপদে বের করে আনা হয়। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। কী কারণে শর্ট সার্কিট বা অন্য কোনও উৎস থেকে আগুন ছড়িয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
