
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী পদে বসার পরই রাজ্যের দীর্ঘদিনের শিল্প খরা কাটিয়ে বাংলায় বিনিয়োগ ও শিল্পের গতি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই লক্ষ্যেই এবার মুম্বই সফরে গিয়ে বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করলেন তিনি। সোমবারই মুখ্যমন্ত্রীর মুম্বই সফরের খবর প্রকাশ্যে এসেছিল। সেই সফরেই রাতের দিকে ‘অ্যান্টিলিয়া’য় পৌঁছন শুভেন্দু অধিকারী। সেখানে তাঁকে স্বাগত জানান রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি এবং তাঁর ছেলে অনন্ত আম্বানি। এরপর বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে বৈঠক হয়। আলোচনায় পশ্চিমবঙ্গে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন মুকেশ আম্বানি। বাংলায় রিলায়েন্স গোষ্ঠীর বিনিয়োগ আরও বাড়ানোর আগ্রহের কথাও জানান তিনি বলে সূত্রের খবর। তবে এই বৈঠক থেকে উঠে আসা আরও একটি বিষয় নিয়ে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। সূত্রের খবর, গুজরাটের পর পশ্চিমবঙ্গেও বন্যপ্রাণী সংরক্ষণ ও চিকিৎসার জন্য ‘বনতারা’র একটি নতুন শাখা খোলার পরিকল্পনা রয়েছে আম্বানি পরিবারের। ফলে শিল্প ও বিনিয়োগের পাশাপাশি বাংলায় বন্যপ্রাণী সংরক্ষণ ক্ষেত্রেও নতুন উদ্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে।
মঙ্গলবার সকালে আম্বানিদের সঙ্গে শিল্প বৈঠকের খবর নিজেই এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘অ্যান্টিলিয়া’য় কাটানো মুহূর্তের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘গতকাল (সোমবার) বিখ্যাত শিল্পপতি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিজির সঙ্গে মুম্বইয়ে দেখা করেছি। সেখানে গণেশকে প্রার্থনা জানানোর সুযোগ হয়েছে। দেশবাসীর সুখশান্তি কামনা করে আশীর্বাদ চেয়েছি। মা কালীর বিশেষ একটি মূর্তি আমি তাঁদের হাতে তুলে দিতে পেরে সৌভাগ্যবান মনে করছি।’
এরপরই তিনি লিখেছেন, ‘এই সফরে আমরা পশ্চিমবঙ্গের শিল্পে অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। কথা হয়েছে কর্মসংস্থান নিয়েও। আমি তাঁদের জানিয়েছি যে আমাদের রাজ্য যুব সম্প্রদায়ের দক্ষতা, শক্তিকে প্রয়োগ করে বিপুল কাজের সুযোগ রয়েছে। তাঁরা এগিয়ে এলে স্বাগত।’ তাঁর এই পোস্টে আশা দেখছেন সকলে। রাজ্যে রিলায়েন্স আরও বিনিয়োগ করলে শিল্পক্ষেত্রে তা হবে অত্যন্ত উল্লেখযোগ্য এক অগ্রগতি, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
Yesterday I visited the residence of renowned Industrialist and Chairman of Reliance Industries, Shri Mukesh Ambani Ji, in Mumbai.
— Suvendu Adhikari (@SuvenduWB) September 22, 2026
Had the divine privilege of offering prayers before Lord Ganesha, seeking His supreme blessings for the peace, progress and prosperity of our Nation.… pic.twitter.com/PyVdZuvAy3
