International

54 minutes ago

S Jaishankar: ‘সংকট মোকাবিলায় বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে’! রাষ্ট্রসংঘে বড় বার্তা জয়শংকরের

External Affairs Minister S Jaishankar meets Foreign Minister Mihai Popsoi
External Affairs Minister S Jaishankar meets Foreign Minister Mihai Popsoi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণসভা। সেই আবহেই আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রতিযোগিতা, ভূ-রাজনৈতিক টানাপোড়েন এবং বিভিন্ন প্রান্তে চলতে থাকা সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। নিউ ইয়র্কে সাধারণসভার ফাঁকে ‘পার্টনার্স ফর মাল্টিলেটরলিজম’ বা P4M সামিটে বক্তব্য রাখতে গিয়ে তিনি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কার এবং বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বিদেশমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে শান্তি ও নিরাপত্তার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ, নয়া প্রযুক্তির দ্রুত বিস্তার এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের মতো একাধিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সামনে রয়েছে। এই সমস্যাগুলির মোকাবিলায় কোনও একটি দেশের পক্ষে একা এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই বৃহত্তর স্বার্থে সব দেশকে সমন্বিত ভাবে কাজ করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রসংঘ-সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে আরও বেশি দেশের অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন জয়শংকর। তাঁর বক্তব্যে স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলার বিষয়টিও গুরুত্ব পায়। এই প্রেক্ষাপটে তিনি ‘সংস্কারকৃত বহুপাক্ষিকতা’র প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। 

জয়শংকর বলেন, বর্তমানে বিশ্ব এক বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিগত কয়েক দশকে বিশ্ব ক্ষমতার ভারসাম্য ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, যা একটি বহু প্রতীক্ষিত রূপান্তর। তবে তীব্র প্রতিযোগিতা, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সংঘাত এখন এই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করেছে। এই পরিস্থিতিগুলোর মোকাবিলা করা না হলে আন্তর্জাতিক সহযোগিতার মূল ভাবনা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই, এই বর্তমান সময়ে বহুপাক্ষিকতাকে তার ভূমিকা জোরালোভাবে পালন করতে হবে। বিদেশমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা শুধু কূটনৈতিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি বলেন, বিশ্ব শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের ওপর এর সরাসরি প্রভাব রয়েছে। তাঁর কথায়, বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা, জলবায়ু কার্যক্রম, উদীয়মান প্রযুক্তি, উন্নয়নের জন্য অর্থায়ন, সন্ত্রাসবাদ মোকাবিলা, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ মহামারীর জন্য প্রস্তুতির মতো বিষয়গুলোর সমাধানে দেশগুলির একসঙ্গে কাজ করতে হবে। আন্তর্জাতিক ব্যবস্থায় এখনও পর্যন্ত যেটুকু সাফল্য মিলেছে তা সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে। ফলে আমাদের অর্জিত ভালো বিষয়গুলিকে রক্ষা করতে হবে এবং ভবিষ্যতে আরও উন্নত ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।

উল্লেখ্য, বর্তমান বিশ্ব আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ইউক্রেন-রাশিয়া, আমেরিকা-ইরানের মতো দুটি বড় যুদ্ধ বৈশ্বিক কূটনীতিকেও ব্যাপকভাবে প্রভাবিত করেছে। নতুন করে হাউথি-সৌদি যুদ্ধে জ্বালানি সংকট ঊর্ধ্বমুখী। এই অবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিক গুরুত্বপূর্ণ। যদিও গত দেড় দশকে দুঃখজনকভাবে আন্তর্জাতিক সংস্থাটির গুরুত্ব হ্রাস পেয়েছে। কার্যত রাষ্ট্রসংঘকে বুড়ো আঙুল দেখিয়ে একাধিক আমানবিক কাজে লিপ্ত হয়েছে শক্তিশালী রাষ্ট্রগুলি। সেখানেই এবার সংস্কার ও সব দেশের ঐক্যবদ্ধভাবে কাজের পক্ষে সওয়াল করলেন বিদেশমন্ত্রী জয়শংকর।

You might also like!