
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অভিনেত্রী রশ্মিকা মন্দনার একটি ভিডিয়ো নিয়ে তোলপাড় সোশালমিডিয়া থেকে বলিউড। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি কালো পোশাক পরে লিফ্ট থেকে বেরিয়ে আসছেন অভিনেত্রী। তাঁর পরনের সেই পোশাক সাহসী তো বটেই, তবে বেশ কুরুচিকর। পোশাকের ডিপ নেকলাইনের কারণে স্পষ্ট রশ্মিকার বক্ষবিভাজিকা। দৈর্ঘ্যের নিরিখে অভিনেত্রীর উরু পেরোয়নি সেই পোশাক। সাধারাণত এমন পোশাকে কখনও দেখা যায় না অভিনেত্রীকে। সেই ভাবনা থেকেই প্রথমে সন্দেহ জাগে অভিনেত্রীর অনুরাগীদের মনে। জানতে পারা যায়, এই ভিডিয়োর মহিলা আদপে রশ্মিকা নন। অন্য এক মহিলার ভিডিয়োয় কারসাজি করে অভিনেত্রীর মুখ বসানো হয়েছে। এই তথ্য জানার পরেই অপরাধীর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানাতে শুরু করেন রশ্মিকার অনুরাগীরা।সেই একই দাবিতে সরব হয়েছেন অমিতাভ বচ্চন ও। অপরাধীর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের পক্ষে সওয়াল করলেন বিগ বি।
সমাজমাধ্যমের রশ্মিকার ওই ভিডিয়ো ছড়িয়ে পড়ার কিছু ক্ষণের মধ্যে জানতে পারা যায়, ওই ভিডিয়ো আসলে কৃত্রিম মেধা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর কারসাজি। এআইয়ের সাহায্যেই জারা প্যাটেল নামক এক মহিলার ভিডিয়োয় রশ্মিকার মুখ বসানো হয়েছে। অর্থাৎ ভিডিয়ো মুখ রশ্মিকার হলেও তাঁর পরনের পোশাক আদপে তাঁর নয়। গোটা ঘটনাটি আসল ভিডিয়ো সমেত সমাজমাধ্যমের পাতায় পোস্ট করা হলে তা রিপোস্ট করে বিগ বি আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সমাজমাধ্যমের পাতায় বিগ বি লেখেন, ‘‘এই বিষয়টা খুবই গুরুতর, এবং এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।’’
উল্লেখ্য, ২০২২ সালে রশ্মিকার বলিউডে আত্মপ্রকাশ অমিতাভের হাত ধরেই। ‘গুডবাই’ ছবিতে বিগ বির মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন রশ্মিকা।
