
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নানান সময়েই সমাজ মাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন তিনি, তবে সেগুলোর বিরুদ্ধে সঠিক জবাব দিতেও পিছ পা হন না স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার জাতীয় মহিলা কমিশনে মহিলাদের হয়েই আবার গর্জে উঠলেন অভিনেত্রী। জাতীয় মহিলা কমিশনে এবার মহিলাদের হয়েই কথা বললেন তিনি।
জাতীয় মহিলা কমিশনের তরফে বাংলা থেকে একমাত্র ডাক পেয়েছেন স্বস্তিকা মুখোপাধ্য়ায়ই। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে অভিনেত্রী লিখলেন, “জাতীয় মহিলা কমিশন থেকে রোজ রোজ কেউ ডাক পান না। সম্প্রতি সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল এমপাওয়ারমেন্ট নিয়ে যে সেমিনারের আয়োজন হয়েছিল, সেখানে প্যানেলিস্ট হিসেবে যোগ দিয়েছিলাম। বাংলায় এত বক্তা থাকতে একমাত্র আমিই ডাক পেয়েছি। আমি যেটা বিশ্বাস করি সেখানে সেইকথাই বলে এসেছি। ভুয়ো নাম নিয়ে প্রোফাইল খোলা সেসব ট্রোলাররা আদতে কাপুরুষ ছাড়া কিছু নয়। নিজেদের লজ্জা দূরে সরিয়ে রেখে এবার আমাদের সময় এসেছে ওদের শিক্ষা দেওয়ার। আমাদের নিরাপত্তা আমাদের হাতেই।”
