
জম্মু, ২৮ সেপ্টেম্বর : কার্গিল যুদ্ধের শহীদদের আত্মবলিদানকে স্মরণ করতে এবং ভারতীয় বায়ুসেনার ৯৪-তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত বায়ুসেনার বিশেষ সাইকেল অভিযান এসে পৌঁছল জম্মু ও কাশ্মীরের জম্মুতে। ভারতের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী থেকে শুরু হওয়া এই দীর্ঘ সাইকেল যাত্রা কার্গিল যুদ্ধ স্মারকে গিয়ে শেষ হবে।
অভিযানটির অগ্রগতি সম্পর্কে বায়ুসেনার এক আধিকারিক জানান, সম্পূর্ণ যাত্রাটিকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায় ছিল কন্যাকুমারী থেকে হায়দরাবাদ, দ্বিতীয় পর্যায় হায়দরাবাদ থেকে দিল্লি (জাতীয় যুদ্ধ স্মারক), এবং বর্তমানে তৃতীয় তথা চূড়ান্ত পর্যায় চলছে—যা দিল্লি থেকে জম্মু হয়ে কার্গিল যুদ্ধ স্মারকে গিয়ে সম্পন্ন হবে। তিনি আরও বলেন, "আমাদের এই যাত্রার মূল উদ্দেশ্য হলো কার্গিল যুদ্ধের বীর সেনানীদের সর্বোচ্চ আত্মত্যাগকে শ্রদ্ধা জানানো এবং তাঁদের গৌরবগাঁথাকে এগিয়ে নিয়ে যাওয়া। পাশাপাশি আগামী ৮ অক্টোবর ভারতীয় বায়ুসেনার ৯৪-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। সেই বিশেষ দিনেই অর্থাৎ ৮ অক্টোবর কার্গিল যুদ্ধ স্মারকে পৌঁছানোর লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি।""
