
বেঙ্গালুরু, ২৮ সেপ্টেম্বর : নির্বাচন কমিশনকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্কে কেন্দ্র ও মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বিষয়টি নিয়ে দলের পরবর্তী কৌশল নির্ধারণ করতে মঙ্গলবার জরুরি ভিত্তিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছেন তিনি।
সোমবার সকালে বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাড়গে বলেন, "আমি আগামীকালের জন্য ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছি। সেখানে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং ওয়ার্কিং কমিটির সকল সদস্য তাঁদের মূল্যবান পরামর্শ দেবেন। আমরা এই ইস্যুতে অত্যন্ত গুরুত্ব দিয়ে লড়াই করব। কারণ এই বিষয়টি গোটা দেশের সঙ্গে জড়িত, আমাদের গণতন্ত্রের অস্তিত্ব এবং দেশের টিকে থাকার লড়াইয়ের সঙ্গে জড়িত। তাই আমরা এটিকে চূড়ান্ত গুরুত্ব দিয়ে দেখছি। আমরা সর্বশক্তি দিয়ে লড়ব এবং এর শেষ দেখে ছাড়ব।"
নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া সাফাই ও বক্তব্যের কড়া সমালোচনা করে কংগ্রেস সভাপতি তোপ দাগেন, "কমিশন তো এসব কথাই বলবে। কিন্তু ওদের ঘরের লোকেরাই তো আসল সত্য ফাঁস করে দিয়েছে।" মুখ্য নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলে খাড়গে বলেন, "এমনকি কেরলমের এক মুখ্যসচিব পর্যন্ত দাবি করেছেন যে স্বয়ং সিইসি তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দিয়েছিলেন। এর স্পষ্ট অর্থ হলো, সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে থাকা একজন ব্যক্তি বিজেপির আদর্শ প্রচার করছেন এবং কার্যত বিজেপির একজন দলীয় কর্মীতে পরিণত হয়েছেন।"
