
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দলই সবার আগে, শুধু পরিবারকে ঘিরে রাজনীতি করলে চলবে না। বাংলার বিজেপি বিধায়কদের এমনই কড়া বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। রাজ্যে পালাবদলের পর রবিবার বাংলায় এসে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি। সূত্রের খবর, বিধায়কদের একাংশের উদ্দেশে নবীন বলেন, কেউ কেউ পরিবার ছাড়া আর কারও সঙ্গে যোগাযোগ রাখছেন না। শুধু নিজের পরিবারকে নিয়েই ব্যস্ত থাকছেন তাঁরা। এই প্রবণতা চলতে থাকলে আগামী নির্বাচনে সংশ্লিষ্ট বিধায়কদের টিকিট নাও মিলতে পারে বলেও তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন বলে সূত্রের দাবি। বিধায়কদের সাধারণ ও সাদাসিধে জীবনযাপনের পরামর্শও দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাঁর বক্তব্য, বিধায়করা কী গাড়িতে যাতায়াত করছেন, তা যেমন দলের নজরে থাকে, তেমনই সাধারণ মানুষও তা লক্ষ্য করেন। এমনকি বিধায়কদের দৈনন্দিন জীবনযাপন নিয়েও দলের কেন্দ্রীয় নেতৃত্ব নজর রাখে বলে বৈঠকে জানানো হয়েছে।
পাশাপাশি মন্ত্রী পদের অপব্যবহার কেউ যাতে না করেন, সে বিষয়েও মন্ত্রীদের সঙ্গে বৈঠকে নীতীন স্পষ্ট বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর। বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জানান, কোনও মন্ত্রীর পদের অপব্যবহার যেন তাঁর পরিচিত লোক বা বাড়ির লোকেরা না করে। কয়েকজন মন্ত্রীর দপ্তরে কেন তাঁর বাড়ির লোকেরা গিয়ে বসে থাকেন সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এরপরেই আচরণ এবং শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দেন। নির্দেশ দিয়ে স্পষ্ট জানিয়ে দেন, পার্টির সঙ্গে সমন্বয় রেখে সবাইকে কাজ করতে হবে। অন্যদিকে পুজো মিটলেই রাজ্যে কলকাতা, হাওড়া-সহ রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন রয়েছে। আর এই নির্বাচনকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। প্রার্থী হিসাবে একাধিক নাম নিয়ে চলছে জল্পনা। তবে এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতির স্পষ্ট বার্তা, পুরভোটে প্রার্থীদের টিকিট দেওয়ার ক্ষেত্রে বিধায়কদের সুপারিশ খাটবে না। দল যাঁদের যোগ্য মনে করবে তাঁরাই পুরভোটে টিকিট পাবেন।
পাশাপাশি নেতা, মন্ত্রীদের সাধারণের সঙ্গে ছবি তোলার ক্ষেত্রে সতর্ক থাকার কথা বলেছেন। বিধায়ক কার্যালয়ে সময় দিতে বলা হয়েছে। আবার জোর করে দুর্গা পুজোর কমিটিতে যাতে বিধায়করা না ঢোকেন তাও বলেছেন নীতিন। যদি পুজো কমিটি কোনও পদ দিতে চায় তাহলে সেই পদে থাকা যেতে পারে। বিধায়করা কোনও অনৈতিক কাজে যুক্ত থাকলে দল থেকে তাদের বের করে দিতেও বেশি সময় লাগবে না বলে সতর্ক করে দিয়েছেন বিজেপি সভাপতি। এদিকে, এছাড়াও, ট্রান্সফার পোস্টিংয়ের ক্ষেত্রে কোনও সুপারিশ নয়, লভ্যার্থীদের থেকে কোনও টাকা নেওয়ার অভিযোগ যেন না আসে এসব বিষয়েও বৈঠকে বিধায়কদের সতর্ক করে দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বের তরফে।
