Entertainment

1 hour ago

Ranveer Singh Don 3: ‘ডন ৩’ থেকে রণবীর সিং সরে দাঁড়ানোয় আইনি জট, ৪০ কোটির ক্ষতিপূরণ দাবি ক্ষুব্ধ প্রযোজকদ্বয়ের

Ranveer Singh reportedly walked out of Don 3 in December
Ranveer Singh reportedly walked out of Don 3 in December

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডে ফের এক নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে রণবীর সিং। ‘ধুরন্ধর’-এর বিপুল সাফল্যের পর ফারহান আখতারের বহু প্রতীক্ষিত মেগাবাজেট ছবি ‘ডন ৩’ থেকে আচমকাই সরে দাঁড়িয়েছেন অভিনেতা। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই সরগরম বি-টাউন। অভিনেতাকে কি ‘অতিরিক্ত বায়নাক্কা’র কারণে বাদ দেওয়া হয়েছে, নাকি চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তিনি স্বেচ্ছায় প্রকল্প থেকে সরে গিয়েছেন—তা নিয়ে জোর জল্পনা চলছে। তবে নতুন করে শোনা যাচ্ছে, মাঝপথে ছবির কাজ থমকে যাওয়ায় রণবীরের উপর নাকি প্রবল ক্ষুব্ধ প্রযোজক ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, তাঁরা নাকি এবার আইনি পথেই এগোনোর কথা ভাবছেন। 

ইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রে খবর, এক্সেল এন্টারটেইনমেন্টের দুই কর্ণধার রণবীর সিংয়ের কাছ থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছেন। কারণ প্রায় এক বছর আগে অভিনেতার সম্মতির ভিত্তিতেই ‘ডন ৩’-এর প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছিল। পরিকল্পনা ছিল, ‘ধুরন্ধর’-এর কাজ শেষ করেই রণবীর ফারহানের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির শুটিংয়ে যোগ দেবেন। কিন্তু ২০২৫ সালের শেষের দিকে আচমকাই খবর ছড়ায়, ‘ডন ৩’ ছেড়ে জয় মেহেতার ‘প্রলয়’ ছবির শুটিং শুরু করতে চলেছেন তিনি। এমনকি নতুন সময়সূচিও নাকি ঠিক করে ফেলেছেন। এই সিদ্ধান্তে একদিকে যেমন দর্শকদের একাংশ উচ্ছ্বসিত, অন্যদিকে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির অনুরাগীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। ২০২৩ সালে ‘ডন ৩’-এর টিজার প্রকাশ্যে আসার পর থেকেই রণবীরকে ‘ডন’ রূপে মেনে নিতে পারেননি অনেকেই। সেই কঠিন সময়ে অভিনেতার পাশে দাঁড়িয়ে দর্শকদের চ্যালেঞ্জ করেছিলেন ফারহান আখতার নিজেই। ফলে হঠাৎ এই বিচ্ছেদ আরও বেশি করে দৃষ্টি কেড়েছে। শোনা যাচ্ছে, ব্যক্তিগত মনোমালিন্যের জেরে ফারহানের সামাজিক মাধ্যম থেকেও নাকি উধাও রণবীর। 

বলিউডের একাধিক সূত্র দাবি করছে, চিত্রনাট্য নিয়ে বারবার আপত্তি তুলেছিলেন রণবীর। তাঁর অনুরোধে কয়েক দফা পরিবর্তনও করা হয়। কিন্তু চূড়ান্ত খসড়া দেখার পরও সন্তুষ্ট হননি তিনি। শেষ পর্যন্ত ছবিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এর ফলেই ক্ষুব্ধ প্রযোজকদ্বয় নাকি তাঁর কাছে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। তাঁদের বক্তব্য, অভিনেতার এই সিদ্ধান্তের কারণে ইতিমধ্যেই এগিয়ে যাওয়া প্রি-প্রোডাকশনের কাজ নতুন করে সাজাতে হবে, যা ছবির মুক্তিও আরও পিছিয়ে দিতে পারে। সমস্যা মেটাতে দফায় দফায় দীর্ঘ বৈঠক হলেও কোনও সমাধানসূত্র বেরোয়নি। এমনকি রণবীর এবং এক্সেল এন্টারটেইনমেন্টের এই বিরোধ মেটাতে মধ্যস্থতার প্রস্তাব নিয়ে এগিয়ে আসে প্রোডিউসারস গিল্ড অফ ইন্ডিয়া। তাতেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি বলেই জানা যাচ্ছে। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, আবারও কি ‘ডন’ অবতারে ফিরতে পারেন শাহরুখ খান? যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। 

অন্যদিকে, ৪০ কোটির ক্ষতিপূরণ দিতে মোটেই রাজি নন রণবীর সিং। ফলে এই টানাপোড়েন শেষ পর্যন্ত আদালতের দোরগোড়ায় গড়ায় কি না, সেটাই এখন বড় প্রশ্ন। বলিউডের অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে এই সংঘাত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তাকিয়ে গোটা ইন্ডাস্ট্রি। 

You might also like!