
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১১ অগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। শুভ দিনে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে পুজো দিয়ে সকালটা শুরু করলেন নায়ক। সঙ্গে শিবের মাথায় জলও ঢাললেন।এমনিতেই এখন মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়। আচমকাই প্রিয় তারকাকে দেখে অবাক দর্শনার্থীরাও। দেবকে এক ঝলক দেখতে ভিড় বাড়ল দক্ষিণেশ্বর মন্দির চত্বরে।
দক্ষিণেশ্বরে তোলা ছবি সমাজমাধ্যমে পোস্ট করে দেব লেখেন, “সবার ভাল হোক।” আর এই পোস্ট করতেই কটাক্ষের শিকার হতে হল অভিনেতাকে। এমনিতে দক্ষিণেশ্বর মন্দিরে দর্শনার্থীদের মুঠোফোন নিয়ে ঢোকা নিষেধ। সেখানে নায়ক কী করে মন্দিরে দাঁড়িয়ে ছবি তুললেন? সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছেন অনেকেই। কেউ লিখেছেন, “তারকাদের জন্য সব কিছুইতেই ছাড়!” আবার কারও প্রশ্ন, “আপনি কি সাংসদ বলে অনুমতি পেয়ে গেলেন?”
এই প্রথম ব্যোমকেশ হিসাবে দেবকে পর্দায় দেখবেন দর্শক। এর আগে আবীর চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত-সহ একাধিক অভিনেতাকে এই চরিত্রে দেখেছেন তাঁরা। ফলে ব্যোমকেশ রূপে তাঁকে দেখে নানা জনের নানা মত। নতুন ব্যোমকেশের নতুন সত্য রুপে দেখা যাবে রুক্মিণী মৈত্র কে।
