
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টলিপাড়ার একজন দক্ষ অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। দেবের ব্যোমকেশ ছবিতে অজিতের চরিত্রে তাঁর নাম ঘোষণা হতেই ট্রোলের মুখে পড়েছেন অভিনেতা। তবে চেহারার থেকে নিজের কাজে বিশ্বাসী অভিনেতা। অভিনেতার চেহারা দেখে প্রশ্ন উঠেছিল, অজিত কেন এত মোটা! বিষয়টি নিয়ে কোনও রকম ভয় না পেয়ে অম্বরীশ কিন্তু অন্য মতে বিশ্বাসী। তাঁর পাল্টা প্রশ্ন, ‘‘যাঁরা এটা বলছেন, তাঁদের সঙ্গে কি অজিতের পরিচয় ছিল?’’ দেবের তরফে প্রথম প্রস্তাব আসার পর, অম্বরীশ নিজেও কিছুটা অবাকই হয়েছিলেন। কারণ তাঁরও মনে হয়েছিল, শৈলেন মুখোপাধ্যায় থেকে শুরু করে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় পর্যন্ত অজিতের চরিত্রাভিনেতারা কেউই খুব একটা ‘ওজনদার’ নন। অম্বরীশের কথায়, ‘‘তার পর মনে হল, কেন নয়! ফেলুদা এবং ব্যোমকেশের ভিড় নিয়ে তো প্রশ্ন উঠতেই থাকে। তা হলে হোক না অজিত একটু অন্য ধরনের। ক্ষতি কী?’’ এই চরিত্রে অভিনয় করে অম্বরীশ কিন্তু নিন্দকদের পাল্টা জবাব দিতে চাইলেন। জোর গলায় বললেন, ‘‘দর্শক বা সমালোচকদের খারাপ লাগতেই পারে। তাঁদের মতামত আমি শুনতে রাজি। তবে আমার মনে হয়, কাজটা আমি ভালই করেছি।’’
