Entertainment

1 hour ago

Celebrity U-Turn: ‘মিঠাই’-এর গলায় নতুন সুর! শুভেন্দুকে শুভেচ্ছা জানিয়ে বিতর্কের কেন্দ্রে সৌমিতৃষা

Soumitrisha Kundu
Soumitrisha Kundu

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে একের পর এক পরিচিত মুখের অবস্থান বদল নিয়ে সরগরম নেটদুনিয়া। আর সেই তালিকাতেই এবার নতুন করে উঠে এল টেলি অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু-র নাম। একসময় যিনি শাসকদলের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন, তিনিই এবার বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-কে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় শুরু হয়েছে জোর চর্চা। গত লোকসভা নির্বাচন থেকেই তৃণমূলের একাধিক প্রচারমঞ্চে দেখা গিয়েছিল জনপ্রিয় ‘মিঠাই’-র অভিনেত্রীকে। সরকারি অনুষ্ঠান থেকে শুরু করে নির্বাচনী প্রচার—সব ক্ষেত্রেই সক্রিয় উপস্থিতি ছিল তাঁর। এমনকী সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনেও শহরতলি ও গ্রামবাংলার বিভিন্ন এলাকায় শাসকদলের হয়ে প্রচারে অংশ নিতে দেখা যায় তাঁকে। ভোটের দিনেও বিরোধীদের কটাক্ষ করে সচেতনভাবে ভোট দেওয়ার বার্তা দিয়েছিলেন অভিনেত্রী।

তবে রাজনৈতিক পালাবদলের পর রবিবার ব্রিগেডে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে বদলে গেল ছবিটা। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিজেপিকে অভিনন্দন জানিয়ে সৌমিতৃষা লেখেন, “ভারতীয় জনতা পার্টি এবং আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা। আজ শপথ নিতে চলেছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। আশা করি, এর মাধ্যমেই আমাদের রাজ্যে উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা হবে। ইতিবাচক পরিবর্তন হবে পশ্চিমবঙ্গে। আমাদের রাজ্য যেন শান্তি-সমৃদ্ধির সঙ্গে এগিয়ে যায়। এবং নাগরিকরা যেন আরও ভালো সুযোগ পান। রাজ্যের মানুষের কল্যাণে কাজ করার জন্য নতুন সরকারের শক্তি, প্রজ্ঞা ও সাফল্য কামনা করছি। অভিনন্দন এবং অসংখ্য শুভেচ্ছা।”


Soumitrisha Kundu on the Campaign Trail for the '26 Elections

এই পোস্ট প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। একাংশের দাবি, রাজনৈতিক হাওয়ার সঙ্গে তাল মিলিয়েই অবস্থান বদলেছেন অভিনেত্রী। কেউ কটাক্ষ করে লিখেছেন, “শেষ পর্যন্ত আপনিও সুর বদলালেন?” আবার অন্য অংশের মতে, নতুন সরকারকে শুভেচ্ছা জানানো নিছক সৌজন্যবোধের প্রকাশ, এর সঙ্গে রাজনৈতিক অবস্থান বদলের সম্পর্ক টানা ঠিক নয়। রাজনৈতিক পরিবর্তনের আবহে সেলিব্রিটিদের অবস্থান নিয়ে চর্চা নতুন নয়। তবে সৌমিতৃষার মতো জনপ্রিয় টেলিমুখের এমন মন্তব্য যে নতুন করে বিতর্ক উসকে দিল, তা বলা বাহুল্য। 

You might also like!