
কলকাতা, ১০ সেপ্টেম্বর : বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রূকুটি, এর প্রভাবে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উপকলবর্তী জেলাগুলিতে। ১১ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেটি নিম্নচাপে তৈরি হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বালি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দু'দিন পর ফের কমবে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দু'দিন সর্বত্রই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর এক-দু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া মূলত মেঘাচ্ছন্ন থাকবে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি।
