
নয়াদিল্লি, ২৪ মার্চ : বোমা হুমকির ইমেল পেলেন দিল্লি বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্তা। ওই ইমেলে বিধানসভা ভবন ও বিধানসভা দিল্লি মেট্রো স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ইমেলটিতে উপরাজ্যপাল তরঞ্জিত সিং সান্ধু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসাকেও হুমকি দেওয়া হয়েছে।
হুমকি ইমেল পাওয়ার পর চিরুনি তল্লাশি চালানো হয় বিধানসভা ভবনে। তবে, সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। এই হুমকির বিষয়ে বিজেপি বিধায়ক অনিল গোয়েল বলেন, "এটি একটি গুজব ছিল। সবকিছু নিরাপদ আছে, আমরা বিধানসভায় যাচ্ছি।" বিজেপি বিধায়ক হরিশ খুরানা বলেন, "আমরা ভয় পাব না, এটা বিজেপি সরকার, উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ১ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করেছি এবং দিল্লির উন্নয়নমূলক কাজ চলছে। আমার বিশ্বাস, আগের রেকর্ড ভেঙে এবারের বাজেট আরও বড় হবে।"
