রোম, ১৭ মার্চ : ১০ দিনের প্রতিযোগিতা শেষে সোমবার সমাপ্ত হল মিলানো-কোর্টিনা ২০২৬ শীতকালীন প্যারা অলিম্পিক। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী অ্যাথলিটদের উপস্থিতিতে প্রতিযোগিতা শেষ হয়। এবারের আসরে মোট ৫৫টি দেশের ৬১১ জন অ্যাথলিট অংশ নেন। পদক তালিকায় ৪৪টি পদক নিয়ে শীর্ষে রয়েছে চিন। স্বাগতিক ইতালি ১৬টি পদক জিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এবারের প্রতিযোগিতায় প্রথমবার পদক জয়ের নজির গড়েছে ব্রাজিল ও লাটভিয়ার মতো দেশগুলি।
সমাপনী অনুষ্ঠানে প্যারা অলিম্পিকের পতাকা পরবর্তী আয়োজক ফ্রান্সের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে মিলানো ও কোর্টিনায় আনুষ্ঠানিকভাবে নিভে যায় গেমসের শিখা। পরবর্তী শীতকালীন প্যারা অলিম্পিক অনুষ্ঠিত হবে ফ্রান্সে, ২০৩০ সালে।
