
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তুষারাবৃত দুর্গম পাহাড়ি সীমান্তে তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের বহু নিচে। এমন প্রতিকূল আবহাওয়াতেও দেশের সীমান্ত পাহারা দেন ভারতীয় জওয়ানরা। কিন্তু প্রবল ঠান্ডায় সেনা গাড়ির ইঞ্জিন সচল রাখা অনেক সময় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এবার সেই সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ নিল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা বিপিসিএল। হিমাঙ্কের অনেক নিচেও যাতে সেনার গাড়ি স্বাভাবিকভাবে চালু রাখা যায়, তার জন্য তৈরি করা হয়েছে বিশেষ ‘এক্সট্রিম ওয়েদার গ্রেড’ বা এক্সডব্লিউজি ডিজেল। ১৭ আগস্ট মধ্যপ্রদেশের বিনা রিফাইনারি থেকে এই বিশেষ জ্বালানির প্রথম রেল রেক সেনাবাহিনীর নির্ধারিত গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। ফলে তীব্র শীতেও সেনা যানবাহনের চলাচল আরও নির্ভরযোগ্য হবে বলে মনে করা হচ্ছে।
উচ্চতম সীমান্তে মোতায়েন ভারতীয় সেনা যাতে চরম প্রতিকূল আবহাওয়ায় নির্বিঘ্নে গাড়ি চালাতে পারে, সে কথা মাথায় রেখেই বিপিসিএল নিজেদের গবেষণা কেন্দ্রে দেশীয় প্রযুক্তিতে এই ডিজেল তৈরি করেছে। ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর জেনারেল অফ সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (ডিজিএসটি) লেফটেন্যান্ট জেনারেল মুকেশ চড্ডা এবং বিপিসিএল-এর ডিরেক্টর (মার্কেটিং) শুভঙ্কর সেন-সহ শীর্ষ আধিকারিকরা।
কী এই নয়া প্রযুক্তির কামাল?
অতি নিম্ন তাপমাত্রাতেও এই তেল জমাট বাঁধে না। ফলে ইঞ্জিনের ফুয়েল ফিল্টার জাম হওয়ার আশঙ্কা থাকে না।
বরফাবৃত অঞ্চলে গাড়ি স্টার্ট দেওয়া বেশ কঠিন। কিন্তু এই তেলের উচ্চ কার্যক্ষমতার জন্য চটজলদি স্টার্ট নেবে সেনার গাড়ি।
সেনা গাড়ির অতিরিক্ত মেরামতের প্রয়োজন কমাবে এই ডিজেল। এর ফলে জ্বালানি ব্যবস্থা থাকবে সম্পূর্ণ নিরাপদ।
বিপিসিএল-এর ডিরেক্টর শুভঙ্কর সেন জানান, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ডিজেল ‘আত্মনির্ভর ভারত’-এ এক বিরাট মাইলফলক। ভারতের সীমান্তে কৌশলগত জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে এই প্রযুক্তি সেনাকে বাড়তি সুবিধা জোগাবে। বিনা রিফাইনারির এই কৃতিত্ব সেনাবাহিনীর লজিস্টিক এবং সামরিক প্রস্তুতি বহুগুণ বাড়িয়ে দিল।
