Breaking News

 

Country

58 minutes ago

Dimagi janata partya: ‘ককরোচ’ পার্টির পর এবার ‘দিমাগি নকশাল’! ফলোয়ার বাড়তেই ইনস্টাগ্রাম থেকে গায়েব

Dimagi Naxal Janta Party
Dimagi Naxal Janta Party

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’। পরে সেই আন্দোলন নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে এমন পর্যায়ে পৌঁছয় যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও সামনে আসে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করল আরও এক ‘পার্টি’—‘দিমাগি নকশাল পার্টি’। ‘ককরোচ’দের মতোই এই নামটিও দ্রুত নজর কাড়ে নেটদুনিয়ায়। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় দু’লক্ষ ফলোয়ার জুটে যায় বলে দাবি করা হচ্ছে। তবে জনপ্রিয়তা বাড়ার পরই আচমকাই ইনস্টাগ্রাম থেকে উধাও হয়ে যায় সেই অ্যাকাউন্ট। ফলে অ্যাকাউন্টটি কেন সরিয়ে দেওয়া হল, তা নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। 

শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দেশের অলিগলিতে মাওবাদীরা ঘাপটি মেরে বসে রয়েছে। জঙ্গলের বন্দুকধারী নকশালদের শেষ করা গেছে। কিন্তু দিমাগি নকশালরা সুযোগের অপেক্ষা করছে। হিংসা ছড়ানোর রাস্তা খুঁজছে, সমাজকে ভুল পথে চালানোর চেষ্টা করছে। এদের চিনতে হবে, একঘরে করতে হবে। বিকশিত রাষ্ট্র বানাতে যুবদের জুড়তে হবে। সুরক্ষিত ভারত তৈরি আমাদের সংকল্প।” এই ‘দিমাগি নকশাল’ বলতে ঠিক কাদের বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী? সেই বিষয়টি স্পষ্ট হওয়ার আগেই এক্স হ্যান্ডেলে প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম স্পষ্ট লিখে দেন, ‘দিমাগি নকশাল হতে পেরে আমি গর্বিত’। এই বার্তার পরেই নেটদুনিয়ায় জোর চর্চা। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু জানান, ভারতীয় সংবিধানকে উপেক্ষা করে যারা মাওবাদীদের সমর্থন করে, বিচ্ছিন্নতাবাদীদের পাশে দাঁড়িয়ে যারা ৩৭০ ধারাকে সমর্থন করে, চিকেনস নেক বন্ধ করে যারা উত্তরপূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে দিতে চায়-এদেরই দিমাগি নকশাল বলা হয়। 


তবে রিজিজুর এই মন্তব্যের আগেই ইনস্টাগ্রামে তৈরি হয়ে যায় দিমাগি নকশাল পার্টি নামে ওই অ্যাকাউন্টটি। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ১ লক্ষ ৮৩ হাজার ইউজার ওই অ্যাকাউন্টটি ফলো করতে শুরু করেন। তবে হঠাৎই ওই অ্যাকাউন্টের খোঁজ মিলছে না ইনস্টাগ্রামে। সম্ভবত অ্যাকাউন্টটি সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে এক্স হ্যান্ডেলেও খোলা হয়েছে ‘দিমাগি নকশাল জনতা পার্টি’ নামে একটি অ্যাকাউন্ট। তবে সেখানে ফলোয়ার সংখ্যা নামমাত্র। দুই অ্যাকাউন্টের ক্ষেত্রেই প্রতিষ্ঠাতার পরিচয় জানা যায়নি। একই ব্যক্তি দু’টি অ্যাকাউন্ট পরিচালনা করছেন কিনা, তাও অজানা।  

You might also like!