
ম্যানচেস্টার, ১৭ আগস্ট : ম্যাচ শুরু হতেই ম্যানচেস্টার সিটির জালে জড়াল বল। প্রথমার্ধে আরেক গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল আর্সেনাল। বিরতির পর তারা জালে বল পাঠাল আবার। সিটিকে ধরাশায়ী করে, কমিউনিটি শিল্ড জিতল মিকেল আর্তেতার দল। কার্ডিফে রবিবার প্রিমিয়ার লিগ ও এফএ কাপ চ্যাম্পিয়নের মধ্যে এক ম্যাচের এই শিরোপা লড়াইয়ে আর্সেনালের জয় ৩-০ গোলে। রিকার্দো কালাফিওরি দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান কাই হাভার্টজ। আর দ্বিতীয়ার্ধের শুরুতে অধিনায়ক মার্টিন ওদেগোরের গোলে জয়ের হাসি হাসে লন্ডনের ক্লাবটি। ২২ বছর পর গত মে মাসে লিগ শিরোপা জয়ী দলটি ওই মরসুমের শেষ ম্যাচে হেরে যায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে, পিএসজির বিপক্ষে। এবার নতুন স্বপ্ন নিয়ে দারুণ পারফরম্যান্সে শিরোপা জিতেই মরসুম শুরু করল আর্তেতার দল।
