Country

1 hour ago

BJP Reshuffle: নীতীনের টিমে বড় চমক, ফিরলেন স্মৃতি-বসুন্ধরা! কেন্দ্রীয় সংগঠনে জায়গা পেলেন বাংলার দুই মুখ

BJP announces new team of national office bearers
BJP announces new team of national office bearers

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সর্বকনিষ্ঠ হিসেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে বসার পর এবার নিজের পছন্দের ‘টিম’ গড়ে নিলেন নীতীন নবীন। সোমবার প্রকাশ করা হয়েছে তাঁর নেতৃত্বাধীন বিজেপির নতুন পদাধিকারীদের তালিকা। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরেছেন দলের পরিচিত মুখ বসুন্ধরা রাজে সিন্ধিয়া এবং স্মৃতি ইরানির মতো নেত্রীরা। সাম্প্রতিক সময়ে যাঁদের সক্রিয়তা কিছুটা কমে গিয়েছিল, নতুন তালিকায় তাঁদের ফের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেল। নীতীন নবীনের নতুন ‘টিমে’ জায়গা পেয়েছেন বাংলার দুই পরিচিত মুখ মনোজ টিগ্গা এবং মধুছন্দা কর। দলের সর্বভারতীয় স্তরে তাঁদের নতুন দায়িত্ব দেওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। নতুন পদাধিকারীদের তালিকা প্রকাশের পর বিজেপির সাংগঠনিক অন্দরে নীতীনের নেতৃত্বে নতুন সমীকরণের জল্পনাও শুরু হয়েছে। 

তালিকায় সবচেয়ে বড় চমক সম্ভবত বসুন্ধরা রাজে সিন্ধিয়া। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সর্বভারতীয় সহ-সভাপতি পদ দিয়েছে বিজেপি। রাজস্থানে অনামী ভজনলাল শর্মাকে মুখ্যমন্ত্রী করার পরই গেরুয়া শিবিরের সঙ্গে বসুন্ধরার দূরত্ব বেড়েছে বলে জল্পনা ছড়ায়। কিন্তু তাঁকে আবারও ফিরিয়ে আনা হল দলের গুরুত্বপূর্ণ পদে। অন্যদিকে, ২০২৪ লোকসভা নির্বাচনে অমেঠিতে অনামী কিশোরী লাল শর্মার কাছে হারের পর রাজনীতি থেকে বেশ দূরে চলে গিয়েছিলেন স্মৃতি ইরানি। ফিরে যান অভিনয় পেশায়। জনপ্রিয় সিরিয়াল ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’তে দেখা যায় তাঁকে। নীতীনের টিমে সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন তিনি।  

সংসদের বাদল অধিবেশন শেষ হওয়ার পরেই সাংগঠনিক রদবদল ঘোষণা হবে-দলীয় স্তরে এমন ইঙ্গিত আগেই দেওয়া হয়েছিল। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ভাষণ এবং তার পরের দিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচি থাকায় ঘোষণার জন্য সোমবারকেই বেছে নেয় বিজেপি। শোনা গিয়েছিল, কেন্দ্রীয় সংগঠনে এক ঝাঁক নতুন মুখকে জায়গা দেওয়া হতে পারে। বিশেষ নজর তরুণ নেতৃত্ব এবং মহিলা নেত্রীদের দিকে। অভিজ্ঞদের সঙ্গে নতুন প্রজন্মের ভারসাম্য রেখে সংগঠনকে আরও সক্রিয় করাটাই এই রদবদলের লক্ষ্য।

বাংলা থেকে ক্যানসার চিকিৎসক মধুছন্দা করকে রাখা হয়েছে সর্বভারতীয় সহ-সভাপতিদের তালিকায়। এছাড়া আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন। উল্লেখযোগ্যভাবে আইটি সেলের মাথা থেকে সরিয়ে দেওয়া হয়েছে অমিত মালব্যকে। তাঁর পরিবর্তে দায়িত্ব পেয়েছেন ছত্তিশগড়ের দীপক মাস্কে। প্রায় ১০ বছর ধরে বিজেপির আইটি সেল সামলেছেন মালব্য। পশ্চিমবঙ্গের কো ইনচার্জ হিসাবেও কাজ করেছেন। গোটা মিডিয়া টিমই ঢেলে সাজিয়েছেন নীতীন নবীন। 

You might also like!