
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর কৃষকদের জন্য বড়সড় স্বস্তির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী থলপতি বিজয়। সোমবার বিধানসভায় তিনি জানান, নির্দিষ্ট শ্রেণির কৃষকদের কৃষিঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পর্যন্ত মুকুব করা হবে। যাঁরা ৭৫ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ নিয়েছেন, তাঁরাই এই সুবিধার আওতায় আসবেন। কৃষকদের গুরুত্ব তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, তাঁরাই রাজ্যের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। দেশের সামগ্রিক উন্নয়নও কৃষকদের সহযোগিতা ও অগ্রগতির উপর অনেকটাই নির্ভরশীল। সেই কথা মাথায় রেখেই আর্থিক চাপ থাকা সত্ত্বেও কৃষকদের জন্য ৯৫৩.০৬ কোটি টাকা অতিরিক্ত সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সোমবার বিধানসভায় কৃষিঋণ মুকুব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সরকার গত মে মাসে রাজ্যে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার মাত্র ১৫ দিনের মধ্যে ৫০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মুকুব করা হয়েছিল। সেই সহায়তার পরিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে ৭৫০০০ টাকা পর্যন্ত ঋণে সম্পূর্ণ কৃষিঋণ মুকুব। এবং ১ লক্ষ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ৩৫ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। মুখ্যমন্ত্রীর দাবি, এর জেরে রাজ্যের ১৪.৪৪ লক্ষের বেশি কৃষক উপকৃত হবেন। কৃষকদের জন্য এই বিশেষ উপহার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, গত ৭ আগস্ট কৃষক সংগঠনগুলির সঙ্গে একটি বৈঠক হয়েছিল। যার প্রেক্ষিতে আর্থিক সীমাবদ্ধতা এবং সমবায় ব্যাঙ্কগুলি নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা সত্ত্বেও কৃষকদের অতিরিক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৭৫০০০ টাকা পর্যন্ত কৃষিঋণে ১০০ শতাংশ ছাড় মিলবে।
বিজয়ের দাবি অনুযায়ী, পূর্বে ৫০ হাজার টাকা পর্যন্ত যে ঋণ মুকুবের ঘোষণা করা হয়েছিল সেই সুবিধা থাকছেই। এর সঙ্গে ৭৫০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৭৫০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। ১ লক্ষ টাকার বেশি ঋণে সর্বোচ্চ ৩৫০০০ টাকা পর্যন্ত মুকুব করা হবে। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, এর জেরে ১.৩৮ লক্ষের বেশি কৃষক অতিরিক্ত সুবিধা পাবেন। ৯৫৩.০৬ কোটি টাকার অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। যার জেরে ১৩.৩৪ লক্ষের বেশি কৃষকের মোট ঋণ মুকুবের পরিমাণ বেড়ে হবে ৬,২২০ কোটি টাকা।
