Country

1 hour ago

Rahul Gandhi: ‘সুপ্রিম’ কোর্টে স্বস্তি রাহুলের, আয় বহির্ভূত সম্পত্তি মামলায় হাই কোর্টের পদক্ষেপে স্থগিতাদেশ

Leader of Opposition in the Lok Sabha Rahul Gandhi
Leader of Opposition in the Lok Sabha Rahul Gandhi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আয় বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এলাহাবাদ হাই কোর্টে চলা এই মামলার যাবতীয় কার্যক্রমে আপাতত স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। একইসঙ্গে মামলাটি নিয়ে তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডিকেও কোনও তদন্ত রিপোর্ট আদালতে জমা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আপাতত এই মামলায় রাহুল গান্ধীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় কিছুটা স্বস্তি মিলল বলেই মনে করা হচ্ছে। 

সম্প্রতি কংগ্রেস সাংসদের বিরুদ্ধে এলাহাবাদ হাই কোর্টে আয়বহির্ভূত সম্পত্তির মামলা করেছিলেন কর্নাটকের বিজেপি নেতা ভিগ্নেশ শিশির। মামলাকারীর অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই এবং ইডিকে তথ্যানুসন্ধানের নির্দেশ দেয় উচ্চ আদালত। পাশপাশি, হাই কোর্ট জানিয়ে দেয়, আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপও করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত ২০ জুলাই আদালতে হলফনামা জমা দেয় সিবিআই। কিন্তু তাতে অসন্তোষ প্রকাশ করে হাই কোর্ট। তদন্তের গতিপ্রকৃতি নিয়েও ক্ষুব্ধ হন বিচারক। এরপর সিবিআইকে নতুন করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় উচ্চ আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল। উচ্চ আদালতের সেই নির্দেশেই স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। 

সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। আদালত আপাতত এলাহাবাদ হাই কোর্টের কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছে। রাহুলের হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী কপিল সিব্বল বলেন, “আইনের দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ অজানা একটি বিষয়। এমন এক ধরনের প্রতিহিংসামূলক দমন-পীড়নের প্রক্রিয়া, যা আইনের স্বীকৃতিপ্রাপ্ত নয়। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। খোদ আবেদনকারীর পক্ষ থেকেই একের পর এক এমন প্রচেষ্টা চালানো হচ্ছে।” 

You might also like!