
সাতারা, ১১ আগস্ট : মহারাষ্ট্রের সাতারা জেলায় পুণে-বেঙ্গালুরু ৪৮ নম্বর জাতীয় সড়কের সিরওয়াল এলাকায় ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল একটি গাড়ি। সোমবার রাত দেড়টা নাগাদ ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ যুবকের। পুলিশ জানিয়েছে, যুবকেরা একটি গাড়িতে চেপে যাচ্ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টো দিকের লেনে চলে যায়। ওই সময়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কা লাগে। দুর্ঘটনায় গাড়িতে থাকা চার আরোহী ঘটনাস্থলে মারা যান। গুরুতর জখম হন অন্য দুই আরোহী। গাড়িটি পুণে থেকে সাতারা যাচ্ছিল। নিহতরা সবাই কলেজ পড়ুয়া।
নিহতরা হল —তালেগাঁও দাবহাদের বাসিন্দা ১৯ বছর বয়সী বেদান্ত অর্জুন ওয়ারিঙ্গে; পুণের মাভাল এলাকার কামশেতের বাসিন্দা ১৯ বছর বয়সী সোনলিং ধীরেন্দ্র ঠাকুর; পুণের মাভাল এলাকার তাকওয়ের বাসিন্দা ১৯ বছর বয়সী আদিত্য বালাসাহেব গারুদ; এবং পুণের মাভাল এলাকার কামশেতের বাসিন্দা ২০ বছর বয়সী নিখিল বালু রাউত। আহত দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
