
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তারাপীঠের ‘বিদেশিনী’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে কমপক্ষে ৮। আগুনে দগ্ধ হয়ে আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার দুপুরে এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। অন্যদিকে, তারাপীঠের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “সবরকম প্রচেষ্টা সত্ত্বেও ৮ জনের মর্মান্তিক মৃত্যু এড়ানো যায়নি।” শ্রাবণ মাসের শেষ সোমবার পুজো দিতে ওই হোটেলে থাকা অতিথিরা তারাপীঠে এসেছিলেন বলেও উল্লেখ করেন তিনি। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, এই ঘটনায় দোষীদের কাউকেই রেহাই দেওয়া হবে না।
ঘটনার সূত্রপাত সোমবার ভোরে। সাড়ে ৪টে নাগাদ তারাপীঠ থানার ঢিল ছোড়া দূরে পুকুরপাড়ে অবস্থিত ‘বিদেশিনী’ নামে একটি বেসরকারি হোটেলের গ্রাউন্ড ফ্লোরে আচমকাই আগুন লাগে। স্বাভাবিকভাবেই আবাসিক ঘুমিয়ে ছিলেন। ধোঁয়ায় যখন সকলের ঘুম ভাঙে ততক্ষণে আগুন বিরাট আকার নিয়েছে। হোটেলের ভিতর থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখে স্থানীয়রাই খবর দেন পুলিশ ও দমকলকে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। এখনও হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই।
সোমবার দুপুরে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখলেন, ‘পশ্চিমবঙ্গের বীরভূমে অগ্নিকাণ্ডের জেরে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসন এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করছে।’ এক্স হ্যান্ডেলের মৃতদের নাম প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘পুলিশ সুপার, জেলাশাসক, স্থানীয় বিধায়ক শ্রী ধ্রুব সাহা এবং দমকল বিভাগের প্রতিমন্ত্রী শ্রী কৌশিক চৌধুরী বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তাঁরা উদ্ধারকাজ তদারকি করছেন এবং মেঘালয় সরকার ও আলিপুরদুয়ারের স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করছেন, যাতে ক্ষতিগ্রস্ত ও মৃতদের পরিবার এই কঠিন সময়ে প্রয়োজনীয় সব রকম সহায়তা পায়।’ সেখানেই মুখ্যমন্ত্রী লিখেছেন, অগ্নিকাণ্ডের মূল কারণ অনুসন্ধানে রাজ্য সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ঘটনার জন্য যারা দায়ী, তাদের রেহাই দেওয়া হবে না।
এক্স হ্যান্ডেলে মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, ‘তারাপীঠে ঘটে যাওয়া আকস্মিক ও মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এই ভয়াবহ দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করছি। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন এবং সর্বস্বান্ত হয়েছেন, ঈশ্বর তাঁদের এই অসহনীয় শোক সহ্য করার শক্তি দিন। পাশাপাশি, যাঁরা বর্তমানে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করছি।’
পশ্চিমবঙ্গের বীরভূমে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্থানীয় প্রশাসন সহায়তা করছে।: প্রধানমন্ত্রী @narendramodi https://t.co/5KDHgnfZUN
— PMO India (@PMOIndia) August 17, 2026
