Country

1 hour ago

West Bengal SIR: এসআইআর নিয়ে ট্রাইব্যুনালে কত মামলা নিষ্পত্তি? কমিশনের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট

Supreme Court seeks EC
Supreme Court seeks EC

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বাংলায় এসআইআর সংক্রান্ত মামলায় অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি নিয়ে নির্বাচন কমিশনের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট। এখনও পর্যন্ত কতগুলি আবেদনের নিষ্পত্তি হয়েছে, ট্রাইব্যুনালের কাজ কীভাবে চলছে এবং আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে নির্দিষ্ট কোনও সময়সীমা রয়েছে কি না, তা জানতে চেয়েছে শীর্ষ আদালত। এসআইআর নিয়ে অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাজের গতি নিয়ে প্রশ্ন তুলে কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে সেই মামলার শুনানি হয়। শুনানিতে আদালত নির্বাচন কমিশনের কাছে ট্রাইব্যুনালের কাজের পদ্ধতি ও অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চায়। পাশাপাশি, আবেদনগুলি নিষ্পত্তির ক্ষেত্রে নির্দিষ্ট কোনও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কি না, তাও জানতে চাওয়া হয়। 

নির্বাচন কমিশনের খামখেয়ালীপনার কারণে বাংলার প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অধীর চৌধুরী। ট্রাইব্যুনালের কাজের গতি নিয়ে তাঁর দাবি, যে গতিতে কাজ চলছে তা শেষ হতে ৪ থেকে ৫ বছর লেগে যাবে। মুর্শিদাবাদ ও মালদহের মতো জেলায় অবিলম্বে ব্লক-ভিত্তিক আপিল ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান সুপ্রিম কোর্টে। পাশাপাশি বিপুল পরিমাণ আবেদনের চাপ সামাল দিতে আরও অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগের কথা বলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস নেতা। 

মামলার শুনানিতে অধীর চৌধুরীর আইনজীবী রাউফ রহিম এদিন আদালতকে জানান, যাঁরা অ‍্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন, তাঁদের রেশন-সহ নানা সামাজিক পরিষেবা থেকে বাদ দিচ্ছে সরকার। এই বিষয়ে আদালতের হস্তক্ষেপের দাবি জানান আইনজীবী। যদিও এই বিষয়টি শুনতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচী পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়ে দেন, আপনারা যদি এই আবেদনের পরিধি বিস্তৃত করেন, তাহলে আমাদেরও আবেদন হাইকোর্টে পাঠিয়ে দিতে হবে। কোনও ব্যক্তিকে সামাজিক সুযোগ দেওয়া বা না দেওয়ার বিষয়টি হাইকোর্টের বিচারের বিষয়।

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় বাংলার প্রায় ৯০ লক্ষ ভোটারদের নাম বাদ গিয়েছে। খসড়া তালিকা থেকে ফাইনাল রোল মিলিয়ে এত সংখ্যক ভোটারদের নাম বাদ পড়েছে। এদের মধ্যে মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটারাও রয়েছেন। এ দিকে ট্রাইব্যুনালে ঝুলে রয়েছে ২৭ লক্ষ ভোটারদের নাম। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটারদের শুনানি প্রক্রিয়া চলছে। কিন্তু সেই প্রক্রিয়া খুবই ধীর গতিতে চলছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়িয়েছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি টি এস শিবজ্ঞানম। 

You might also like!