OpenAI vs Apple lawsuit 2026 | অ্যাপলের বিরুদ্ধে পাল্টা আইনি লড়াইয়ে OpenAI! প্রযুক্তি চুরির অভিযোগ, কর্মীদের আটকে রাখা ও সরবরাহকারীদের চাপ দেওয়ার দাবি ChatGPT নির্মাতার

OpenAI vs Apple lawsuit 2026
OpenAI vs Apple lawsuit 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় এবার দুই প্রযুক্তি মহারথীর সংঘাত আরও তীব্র হল। অ্যাপলের বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপ করে একাধিক গুরুতর অভিযোগ তুলল ChatGPT নির্মাতা OpenAI। প্রযুক্তিগত গোপন তথ্য চুরি, হার্ডওয়্যার সরবরাহকারী সংস্থাগুলিকে চাপ দেওয়া এবং কর্মীদের অন্য সংস্থায় যোগ দেওয়ার ক্ষেত্রে বাধা তৈরির অভিযোগ উঠেছে আইফোন নির্মাতা সংস্থার বিরুদ্ধে। গত ২৭ নভেম্বর ক্যালিফোর্নিয়ার সান জোসের ফেডারেল আদালতে এই পাল্টা দাবি জমা দিয়েছে OpenAI। এর ফলে দুই সংস্থার মধ্যে চলতে থাকা আইনি সংঘাত কার্যত নতুন মাত্রা পেল।

OpenAI-এর অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ব্যক্তিগত ডিভাইসের বাজারে তাদের প্রবেশ আটকাতে নিজেদের প্রভাব খাটাচ্ছে অ্যাপল। বিশেষ করে OpenAI-এর আসন্ন হার্ডওয়্যার পণ্য তৈরির সঙ্গে যুক্ত সরবরাহকারী সংস্থাগুলির উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেছে সংস্থাটি। অভিযোগ, সরবরাহকারীদের কাছে OpenAI-এর প্রকল্পের বিস্তারিত তথ্য এবং সেখানে কাজ করা কর্মীদের পরিচয় জানতে চেয়েছে অ্যাপল। এমনকী, অ্যাপলের হয়ে আগে কাজ করেছেন এমন কর্মীরা OpenAI-এর প্রকল্পে যুক্ত থাকলে ভবিষ্যতে তাঁদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

শুধু সরবরাহকারী সংস্থাই নয়, কর্মীদের নিয়োগ ও চাকরি ছাড়ার নিয়ম নিয়েও অ্যাপলকে কাঠগড়ায় তুলেছে OpenAI। তাদের দাবি, অ্যাপলের বিস্তৃত মেধাস্বত্ব সংক্রান্ত চুক্তি কর্মীদের পেশাগত স্বাধীনতা সীমিত করছে। সংস্থার অভিযোগ, অ্যাপলের নিয়মে প্রায় সমস্ত অপ্রকাশিত তথ্যকেই সংস্থার নিজস্ব সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়। ফলে কোনও কর্মী চাকরি ছেড়ে প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি সংস্থায় যোগ দিতে চাইলে তাঁকে নানা বাধার মুখে পড়তে হয়। প্রাক্তন কর্মীদের ব্যক্তিগত ডিভাইস ও অ্যাকাউন্টে চাকরি ছাড়ার পরেও অ্যাপলের প্রবেশাধিকার বজায় থাকে বলেও অভিযোগ করেছে OpenAI। তাদের দাবি, এর মাধ্যমে প্রতিদ্বন্দ্বী সংস্থায় যোগ দেওয়া কর্মীদের উপর নজরদারি চালানো সম্ভব হচ্ছে।

OpenAI-এর আরও অভিযোগ, অ্যাপল থেকে চাকরি ছেড়ে তাঁদের সংস্থায় যোগ দিয়েছেন প্রায় ৪০০ জন কর্মী। এই পরিস্থিতিতে কর্মীদের অন্য সংস্থায় যাওয়ার প্রবণতা আটকাতেই অ্যাপল এমন পদক্ষেপ করছে বলে দাবি ChatGPT নির্মাতার। পাল্টা মামলায় এক প্রাক্তন কর্মীর প্রসঙ্গও তুলে ধরেছে তারা। ওই কর্মী অ্যাপল ছেড়ে প্রায় ছয় মাস OpenAI-তে কাজ করার পর ফের অ্যাপলে ফিরে যান। OpenAI-এর দাবি, এই সময়ের মধ্যে তিনি তাদের নতুন ডিভাইস এবং ভবিষ্যৎ হার্ডওয়্যার পরিকল্পনা সংক্রান্ত গোপন তথ্যের নাগাল পেয়েছিলেন। তাঁর মাধ্যমে একাধিক গোপন নথি অ্যাপলের হাতে পৌঁছেছে বলেও অভিযোগ। 

উল্লেখ্য, এই সংঘাতের সূত্রপাত চলতি বছরের জুলাই মাসে। সে সময় OpenAI এবং অ্যাপলের দুই প্রাক্তন কর্মী ট্যাং ট্যান ও চ্যাং লিউয়ের বিরুদ্ধে মামলা করে অ্যাপল। অভিযোগ ছিল, অ্যাপলের গোপন প্রযুক্তিগত তথ্য ও বাণিজ্যিক পরিকল্পনা হাতিয়ে OpenAI-এর হার্ডওয়্যার ব্যবসাকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। ওই অভিযোগ অস্বীকার করেছে OpenAI।

অন্যদিকে, অ্যাপলও নতুন পাল্টা অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। সংস্থার বক্তব্য, তাদের মূল মামলার অভিযোগ থেকে নজর ঘোরাতেই এই পদক্ষেপ করেছে OpenAI। তাদের দাবি, বিষয়টি মূলত অ্যাপলের গোপন প্রযুক্তি ও অপ্রকাশিত পণ্য সংক্রান্ত তথ্য বেআইনিভাবে ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করেই।

সব মিলিয়ে, কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আধিপত্য বিস্তারের লড়াই এবার আদালতের চৌহদ্দিতে পৌঁছেছে। আগামী দিনে এই মামলা শুধু দুই সংস্থার ভবিষ্যৎ ব্যবসায়িক সম্পর্কই নয়, প্রযুক্তি শিল্পে কর্মীদের স্বাধীনতা, মেধাস্বত্ব এবং প্রতিযোগিতার নিয়ম নিয়েও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…