
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : ChatGPT ব্যবহারকারীদের জন্য বড়সড় পরিবর্তন আনতে চলেছে OpenAI। এবার আলাদা Chat এবং Work অভিজ্ঞতাকে এক জায়গায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি। অর্থাৎ, সাধারণ কথোপকথন থেকে শুরু করে অফিসের জটিল কাজ, ফাইল বিশ্লেষণ, ওয়েব রিসার্চ কিংবা প্রেজেন্টেশন তৈরি—সবকিছুই করা যাবে একই ইন্টারফেসের মাধ্যমে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও সাবলীল করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তবে এই পরিবর্তনের মধ্যেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ শর্ত। Chat এবং Work-এর জন্য আলাদা ব্যবহারের সীমা আর থাকছে না। দু’টির জন্যই চালু হচ্ছে একটি অভিন্ন Usage Limit। ফলে যাঁরা নিয়মিত ChatGPT ব্যবহার করেন এবং উন্নত AI মডেলের সাহায্যে দীর্ঘ সময় ধরে কাজ করেন, তাঁদের ব্যবহারের সীমা আগের তুলনায় দ্রুত শেষ হয়ে যেতে পারে।
ইতিমধ্যেই অল্প কয়েকজন ChatGPT Pro গ্রাহকের জন্য নতুন ব্যবস্থাটি চালু করেছে OpenAI। সংস্থার প্রোডাক্ট লিড থিবো সোশিও (Thibault 'Tibo' Sottiaux) গত মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই পরীক্ষামূলক ব্যবস্থার কথা জানান। ব্যবহারকারীদের মতামত ও প্রতিক্রিয়া পাওয়ার পর ধাপে ধাপে আরও গ্রাহকের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। OpenAI-এর সাপোর্ট পেজ অনুযায়ী, ডিসেম্বর মাসে আরও বিস্তৃত পরিসরে এই পরিবর্তন কার্যকর হতে পারে।
এতদিন ChatGPT-তে সাধারণ কথোপকথন এবং জটিল কাজের জন্য আলাদা ব্যবহারের সুযোগ ছিল। Chat-এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রশ্নের উত্তর, লেখালিখি, অনুবাদ কিংবা দৈনন্দিন বিভিন্ন বিষয়ে সাহায্য পেতেন। অন্যদিকে Work-এর সাহায্যে ফাইল নিয়ে কাজ, গবেষণা, বিভিন্ন অ্যাপের সঙ্গে সংযোগ স্থাপন এবং একাধিক ধাপের জটিল কাজ সম্পন্ন করা যেত। নতুন ব্যবস্থায় এই দুই অভিজ্ঞতাকে এক জায়গায় এনে ব্যবহারকারীদের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে OpenAI। সংস্থার পরিকল্পনা অনুযায়ী, কোনও বিষয় নিয়ে আলোচনা বা পরিকল্পনা করার পর সেখান থেকেই সরাসরি ওয়েবসাইট তৈরি, প্রেজেন্টেশন প্রস্তুত কিংবা অন্যান্য কাজ শুরু করা সম্ভব হবে। তবে ChatGPT ডেস্কটপ অ্যাপে Codex পরিষেবাটি আলাদা অভিজ্ঞতা হিসেবেই থাকবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যবহারের সীমা। নতুন নিয়মে কোন AI মডেল ব্যবহার করা হচ্ছে এবং কতটা জটিল কাজ করানো হচ্ছে, তার উপর নির্ভর করবে Usage Limit কত দ্রুত শেষ হবে। উন্নত রিজনিং মডেল এবং জটিল কাজের ক্ষেত্রে বেশি ব্যবহারের সীমা খরচ হতে পারে। যদিও OpenAI জানিয়েছে, অধিকাংশ ব্যবহারকারী আগের তুলনায় ঘন ঘন ব্যবহারের সীমা শেষ হওয়ার সমস্যায় পড়বেন না, তবে অত্যন্ত বেশি ব্যবহারকারীদের ক্ষেত্রে এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে।
তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে। OpenAI জানিয়েছে, Instant মডেলে কথোপকথন এই অভিন্ন ব্যবহারের সীমার মধ্যে গণনা করা হবে না। এমনকী নির্ধারিত সীমা শেষ হয়ে গেলেও Instant মডেল ব্যবহার করে কথোপকথন চালিয়ে যাওয়া যাবে। কতটা ব্যবহার বাকি রয়েছে এবং কখন সীমা পুনরায় চালু হবে, তা Settings-এর Usage বিভাগ থেকে দেখা যাবে।
নতুন নিয়ম নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন একাংশের গ্রাহক। তাঁদের আশঙ্কা, একই সাবস্ক্রিপশন মূল্য দিয়েও আগের তুলনায় উন্নত AI মডেল ব্যবহারের সুযোগ কমে যেতে পারে। যদিও OpenAI জানিয়েছে, সিস্টেমের দক্ষতা বাড়ানোর মাধ্যমে গ্রাহকদের আরও বেশি সুবিধা দেওয়ার চেষ্টা চলছে।
বিশেষজ্ঞদের মতে, উন্নত AI পরিষেবার চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সার্ভার, কম্পিউটিং ক্ষমতা এবং পরিকাঠামোর খরচও দ্রুত বাড়ছে। সেই পরিস্থিতিতে Chat ও Work-কে একত্রিত করার পাশাপাশি ব্যবহারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে OpenAI। ফলে নতুন এই পরিবর্তন ChatGPT-র ব্যবহার আরও সহজ করবে, নাকি অতিরিক্ত নির্ভরশীল গ্রাহকদের জন্য নতুন সমস্যার কারণ হবে, এখন সেটাই দেখার।
