Abhishek targets Ritabrata camp | ‘পুলিশকে বলছি, এবার কিন্তু ছেড়ে কথা বলব না!’ ঋতব্রত শিবিরকে আক্রমণ অভিষেকের

Abhishek targets Ritabrata camp
Abhishek targets Ritabrata camp

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘আসল তৃণমূল’ কার, তা নিয়ে নির্বাচন কমিশনে আইনি লড়াই এখনও অব্যাহত। এরই মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক বৈঠক করে তাঁর দাবি, পুলিশ ও প্রশাসনের ভয় দেখিয়ে একাধিক ব্যক্তিকে হলফনামায় সই করানো হয়েছে। এমনকী সংশ্লিষ্ট থানার আইসি-র নির্দেশেও এই কাজ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অভিষেকের দাবি, এই সমস্ত হলফনামা ভুয়ো। পাশাপাশি কয়েক মাস আগে কলকাতার একটি নামী হোটেলে অরূপ রায়ের নেতৃত্বে গণতান্ত্রিক তৃণমূলের জাতীয় কর্মসমিতি গঠনের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নিজের অভিযোগের সমর্থনে সাংবাদিক বৈঠকে একটি ভিডিও-ও প্রকাশ করেন অভিষেক। একইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়ে ভবিষ্যতে এর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তৃণমূলের এই নেতা।

তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে প্রথমে ঋতব্রত শিবিরই অভিযোগ তুলেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়রাই জয়ী বিধায়কদের চাপ দিয়ে বিরোধী দল হিসেবে হলফনামায় সই করিয়েছে। সেই সই সম্বলিত কাগজ ব্যবহার করে বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে নিজেদের পছন্দের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছে। কিন্তু ঋতব্রতদের অভিযোগ, শোভনদেবকে বিরোধী দলনেতা হিসেবে চান না অধিকাংশ বিধায়কই। আর তা বুঝেই জোর করে সংখ্যাগরিষ্ঠতা পেতে সই জালের পথ বেছে নিয়েছিল কালীঘাট শিবির। এই অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পিকারকে জানিয়েছিলেন ঋতব্রত, আখরুজ্জামানরা। এরপরই তাঁরা ‘বিদ্রোহী’ হয়ে কলকাতার নামী পাঁচতারা হোটেলে গিয়ে নিজেদের মতো করে জাতীয় কর্মসমিতি তৈরি করেন। তার চেয়ারম্যান করা হয় হাওড়া দক্ষিণের বিধায়ক অরূপ রায়কে।সঙ্গী হিসেবে পান অন্তত ৬৮ জন বিধায়ককে।

কিন্তু অভিষেকের দাবি, ঋতব্রত শিবিরের এই পুরো প্রক্রিয়াই ভুয়ো। অভিযোগ, আসলে পুলিশের নজরদারিতে থানায় বসে ওই  সইসাবুদ করানো হয়েছিল জোর করে। তাই ওই কাগজপত্র আর হলফনামায় সই জাল। আর তা প্রমাণ করতেই তিনি একাধিক থানার ভিডিও দেখান। যেখানে পুলিশ অফিসারদের ফোন করে নানাজনকে নানা নির্দেশ দিতে বলা হচ্ছে। এ প্রসঙ্গে অভিষেকের হুঁশিয়ারি, পুলিশকে পরে দেখে নেওয়া হবে। যদিও এই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ঋতব্রত শিবির। ফলে আসল তৃণমূল, তার প্রতীক ঠিক কাদের পাওয়া উচিত, তা ফের প্রশ্নের মুখে পড়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…