kolkata

2 months ago

Sayani Ghosh: বারুইপুর ঘটনায় দ্রুত পদক্ষেপ, শুভেন্দুর সঙ্গে ফোনে কথা বলে কৃতজ্ঞতা প্রকাশ বিক্ষুব্ধ তৃণমূল সাংসদের

Sayani Ghosh on Baruipur Minor Murder
Sayani Ghosh on Baruipur Minor Murder

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ১২ বছরের এক নাবালিকার দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রবিবার উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভে সামিল হন। গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করা হয়, জ্বালানো হয় টায়ার। দীর্ঘক্ষণ ধরে চলা এই বিক্ষোভের জেরে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের সঙ্গেও বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এদিকে ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফোনে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 

আর এরপরই বারুইপুরের ঘটনায় দ্রুত পদক্ষেপ করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ সায়নী ঘোষের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ সায়নীর? 'বারুইপুরের ঘটনার তীব্র নিন্দা করি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছি। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, তিনি নিজে পরিস্থিতি মনিটরিং করছেন। গ্রেফতার হয়েছে, SIT গঠিত হয়েছে, মুখ্যমন্ত্রী পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। আশ্বস্ত করেছেন, অপরাধীদের কাউকে ছাড়া হবে না, দ্রুত ন্যায়বিচার হবে। দ্রুত ও প্রয়োজনীয় পদক্ষেপ করায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ', সোশাল মিডিয়ায় পোস্ট যাদবপুর কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষের।        

নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য পুলিশি নিরাপত্তায় কলকাতার কাটাপুকুর মর্গে নিয়ে আসা হয় নাবালিকার দেহ। অন্যদিকে, স্থানীয়দের মারে গুরুতর জখম অবস্থায় এক যুবককে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নাবালিকাকে খুনের অভিযোগের মামলার পাশাপাশি, গণপিটুনিতে একজনের মৃত্যু ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগেও দুটি পৃথক মামলা রুজু করেছে পুলিশ। নাবালিকার মৃত্যুতে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ৬ সদস্যের SIT গঠন করা হয়েছে।        

You might also like!