
কলকাতা, ২৪ এপ্রিল : ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের পর স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করল নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রে নজরদারির জন্য ব্যবহৃত ক্যামেরা এবং তাতে থাকা ভিডিও ডাটা (তথ্য) সংরক্ষণের বিষয়ে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
নির্বাচন কমিশনের আধিকারিকদের তরফে জানা গেছে, ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ক্যামেরা থেকে মেমোরি কার্ড খোলা যাবে না। শুধুমাত্র ক্যামেরাগুলো খুলে সেক্টর অফিসারের নজরদারিতে নিরাপদ স্থানে সরিয়ে রাখতে হবে। সহকারী নির্বাচন আধিকারিকের উপস্থিতিতে নির্ধারিত 'ডাটা কালেকশন সেন্টারে' নিয়ে যাওয়ার পরই সেই মেমোরি কার্ডগুলি বের করা যাবে।
কমিশন স্পষ্ট করে দিয়েছে যে, ভিডিও ফুটেজ বা তথ্যের সুরক্ষার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট আধিকারিকদের ওপর থাকবে। কোনও অভিযোগ, বিতর্ক বা তদন্তের ক্ষেত্রে এই ভিডিও তথ্য যাতে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়, তার জন্যই এই রেকর্ডগুলি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সুরক্ষিত রাখা হবে। এতে তথ্যের সঙ্গে কারচুপি বা ডাটা হারিয়ে যাওয়ার আশঙ্কা কমবে।
নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিমবঙ্গে গড়ে প্রায় ৯৩ শতাংশ ভোট পড়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকার আসনগুলিতে ভোটদানের হার ছিল নজরকাড়া। এই বিপুল পরিমাণ ভোটদান এবং স্পর্শকাতর পরিস্থিতির কথা মাথায় রেখেই নজরদারি ফুটেজ সুরক্ষিত রাখা জরুরি বলে মনে করছে কমিশন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।
