
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সরকারি হাসপাতালের চিকিৎসকদের টানা ৯৬ ঘণ্টা হাসপাতালে ডিউটি করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়—এমনই আলোচনা ছড়িয়েছে সাম্প্রতিক একটি বক্তব্যকে ঘিরে। একটি আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যের পর থেকেই বিষয়টি নিয়ে নানা মহলে চর্চা শুরু হয়। তাঁর বক্তব্যের অর্থ নিয়ে তৈরি হয় বিভ্রান্তিও। এই পরিস্থিতিতে বিতর্কিত বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন স্বাস্থ্যমন্ত্রী নিজেই এবং নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি ৯৬ ঘণ্টা টানা ডিউটি করতে বলেননি। তিনি জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তর জেলার সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সেই এলাকাতে (in Station) প্রতি সপ্তাহে ৯৬ ঘণ্টা থাকতে বলেছেন। যাতে রোগীদের প্রয়োজন হলে তাঁরা তৎক্ষণাৎ পৌঁছতে পারেন। তার সঙ্গে ডিউটিতে থাকার সময়ে যাতে প্রাইভেট প্র্যাকটিস না করেন তার জন্য অনুরোধ করা হয়েছে। এই নিয়ে কোনও সরকারি নির্দেশ জারি করা হয়নি বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য শেয়ার করে ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের ফ্যান ফোরাম পেজ থেকে লেখা হয়েছে, ‘৯৬ ঘণ্টা স্টেশনে থাকলে কোনও সময় কোনও রোগীর দরকার পড়লে, তাঁরা চলে আসতে পারবেন। বেশিরভাগ সময় এঁরা কলকাতায় থেকে যান। ২ থেকে আড়াই দিনের মাথায় ফিরে আসেন। ধরুন কোচবিহারে পোস্টিং, ২ রাত থাকল বা ৩ রাত থাকল, তারপর ফিরে এল। তাই ৯৬ ঘণ্টা স্টেশনে থাকার কথা বলা হয়েছে। আমরা এতটা অমানবিক নই যে ৯৬ ঘণ্টা ডিউটির কথা বলব।’
প্রসঙ্গত, সরকারি হাসপাতালের চিকিৎসকদের সপ্তাহে মোট ৪৮ ঘণ্টা ডিউটি দিতে হয়। সপ্তাহে ৬ দিন ৮ ঘণ্টা করে ডিউটির হিসেব ধরলে ৪৮ ঘণ্টা হয়। ৯৬ ঘণ্টা অন ডিউটি থাকা মানে প্রতিদিন ১৬ ঘণ্টা করে ডিউটি করতে হবে।
To all our colleagues working in government hospitals:
— Sharadwat Mukhopadhyay (@drsharadwat) July 13, 2026
CLARIFICATION
The Department of Health & FW, GoWB has made just a REQUEST to all doctors working in government hospitals in the districts/areas other than Kolkata & suburbs to try to be in station for 96 hours per week (NOT…
