
কলকাতা, ৬ মার্চ : নির্বাচন কমিশনকে বিজেপির দালাল বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ধর্নামঞ্চ থেকে তিনি বলেন, ‘‘লজ্জা রাখার জায়গা নেই। ভোটার তালিকায় মৃতেরা এখানে বসে রয়েছেন।’’ এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা ইঞ্চিতে ইঞ্চিতে খোঁজ রাখি। তাদের আমরা প্যারেড করাব। দেখুন, এঁরা মৃত এসআইআর প্রক্রিয়ায়। কিন্তু তাঁরা ভাল ভাবে বেঁচে। আমরা তাঁদের দীর্ঘায়ু কামনা করি। দেখুন, এঁদের মৃত বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু এঁরা বসে থেকে প্রমাণ দিচ্ছেন, তাঁরা ভাল ভাবে বেঁচে আছেন।’’
মুখ্যমন্ত্রী বলেন, “তাঁদের (সেই ‘মৃতদের) আমি মঞ্চে হাজির করব। এসআইআরের জন্য মারা গিয়েছেন এমন আট পরিবার, যারা দিল্লি গিয়েছিল, তারাও এখানে বসবে। কিন্তু যারা বসে আছে, অথচ মৃত বলে ঘোষণা করা হয়েছে... লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ, বেহায়া বিজেপি পার্টি এবং তাদের দালাল নির্বাচন কমিশন।’’
এসআইআর নিয়ে তৃণমূল বনাম নির্বাচন কমিশনের সংঘাত চলছেই। প্রতিবাদ জানাতে দিল্লি পর্যন্ত গিয়েছেন মমতা-অভিষেক। শুধু তা-ই নয়, এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে নিজে সওয়াল পর্যন্ত করেছেন মুখ্যমন্ত্রী। তার পরেও রাজ্যে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন বলে প্রকাশ হওয়ার পর থেকে কমিশন বনাম তৃণমূলের সংঘাত অন্য মাত্রা পেয়েছে। তার মধ্যে রাজ্যপালের পদ থেকে সিভি আনন্দ বোসের আচমকা ইস্তফাও ‘তাৎপর্যপূর্ণ’। বিজেপি যখন পরিবর্তন যাত্রা বার করেছে, তখন কলকাতায় ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ধর্মতলায় মেট্রো চ্যানেলে মঞ্চে উপস্থিত তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী। জেলাগুলি থেকে তৃণমূল বিধায়কেরা লোকজন নিয়ে উপস্থিত হয়েছেন মঞ্চে।
