International

1 hour ago

Donald Trump : হরমুজে ভারতীয় জাহাজে হামলা নিয়ে বিতর্ক, ইরানের দিকে আঙুল তুললেন ট্রাম্প

Donald Trump
Donald Trump

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা এবং তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় জাতীয় রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি।এরই মধ্যে চাঞ্চল্যকর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, গত রাতে হরমুজ প্রণালী থেকে বেরোনোর সময় একটি ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলা চালানো হয়েছিল। যদিও সেই হামলা আমেরিকা প্রতিহত করেছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে এই ধরনের হামলাকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

সম্প্রতি ইরানের সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল আমেরিকা তাদের বেশিরভাগ শর্তে রাজি হয়েছে। এর পালটা সোশাল মিডিয়ায় বিবৃতি দেন ট্রাম্প। সেখানে লেখেন, ‘ইরান শর্ত নিয়ে যে ভুয়ো তথ্য দিয়েছে, তার সঙ্গে শান্তি চুক্তির কোনও সম্পর্ক নেই। ওরা যা বলছে তার সঙ্গে দূর দূর পর্যন্ত সত্যের কোনও সম্পর্ক নেই। ওরা অত্যন্ত অসৎ।’ এরপরই ভারতীয় জাহাজে হামলার প্রসঙ্গ তুলে ইরানের ঘাড়ে দায় চাপান মার্কিন প্রেসিডেন্ট। তিনি লেখেন, ‘গত রাতে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ভারতীয় জাহাজগুলির উপর ড্রোন হামলার চেষ্টা করেছিল ইরান। আমেরিকা তা ব্যর্থ করে দিয়েছে। এই ধরনের পদক্ষেপ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। ওদের উচিত যত দ্রুত সম্ভব নিজেদের ভুল শুধরে নেওয়া।’ যদিও ট্রাম্প স্পষ্ট করেননি ঠিক কোন জাহাজকে হামলার হাত থেকে রক্ষা করা হয়েছে। ইরান বা ভারত কেউই এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি।

এদিকে ট্রাম্পের এহেন বক্তব্য এমন সময়ে সামনে এসেছে যখন মার্কিন হামলায় হরমুজে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। গত ৮ই জুন, মার্কিন সামরিক বাহিনী পালাউ-পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কারকে নিশানা করে। ট্যাঙ্কারটিতে ছিলেন ২৪ জন ভারতীয়। এই ঘটনার পর ২১ জনকে উদ্ধার করা হলেও তিনজন ভারতীয়ের মৃত্যু হয়। এছাড়াও, মার্কিন নৌবাহিনী গিনি-বিসাউ-পতাকাবাহী ‘জলবীর’ নামের একটি জাহাজে হামলা চালায়, এখানেও ২০ জন ভারতীয় নাবিক ছিলেন। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই দায় স্বীকার করে আমেরিকা।

উপসাগরীয় অঞ্চলে ভারতীয় নাবিকদের দ্বারা পরিচালিত বাণিজ্যতরীতে হামলার ঘটনাকে বুধবার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রকের বিবৃতিতে এই ধরনের হামলার ঘটনাকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলা হয়েছে। বৃহস্পতিবার এই বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “গত কয়েকদিনে পশ্চিম এশিয়ায় ভারতীয় নাবিকদের নিয়ে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমাদের নাবিকদের কল্যাণ ও মঙ্গলকে অত্যন্ত গুরুত্ব দিই আমরা।” শুক্রবার মার্কিন রাষ্ট্রদূতকে তলবও করেছে দিল্লি। কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই এবার নিজেদের ভারতীয় জাহাজের রক্ষাকর্তা বলে দাবি করে ইরানকে দুষলেন ট্রাম্প।


You might also like!