
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে অভিজিৎ সেন পরিচালিত ‘প্রধান’ ছবির শুটিং। এই ছবির শুটিংয়ের বেশিরভাগটাই উত্তরবঙ্গে হবে বলেই জানা গিয়েছে। ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন দেব এবং তাঁর বিপরীতে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় সৌমিতৃষা কুণ্ডু। এছাড়াও বিশেষ কিছু চরিত্রের জন্যে রয়েছেন সোহম চক্রবর্তী ও অনির্বাণ চক্রবর্তী।
এছাড়া রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, মমতা শঙ্কর, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত প্রমুখ বড়মাপের কলাকুশলীরা। তবে এই ছবির শুটিং নিয়ে পরিচালক খুব বেশি চিন্তিত নন। কারণটা তিনি নিজেই ইতিমধ্যে খোলসা করেছেন। তাঁর কথায়, ‘টেনশন হচ্ছে না। তবে এত বড় মাপের তারকাদের নিয়ে একসঙ্গে শুটিংয়ের উত্তেজনাই বেশি অনুভব করছি।’’ এই ছবির শুটিং পুরোটাই প্রায় উত্তরবঙ্গে হবে।
উত্তরবঙ্গে ছবির শুটিং ঘিরেও উচ্ছসিত পরিচালক। তিনি বলেন, ‘‘ এর আগে ‘টনিক’-এর সময়েও আমরা পাহাড়ে শুটিং করেছিলাম। সবাইকে নিয়ে মনে হচ্ছে আগামী কয়েকদিন বেশ ভালই কাটবে।’’ পরিচালকের বলেছেন যে গল্পের প্রয়োজনেই পাহাড়কে বেঁছে নিয়েছেন তিনি। এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন দেব। তবে এখনই সবটা প্রকাশ করতে চাইছেন না পরিচালক।
