
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিধায়ক মদন মিত্রের বিখ্যাত ডায়লগ 'ও লাভলী'। অনুপ্রেরণা থেকে সিনেমার নামও 'ও লাভলী'। এবার বড়পর্দায় মদন মিত্র ! হরনাথ চক্রবর্তীর নতুন ছবিতে দেখা যাবে বিধায়ক- রাজনীতিবিদকে। পরিচালকের নতুন ছবির নাম ওহ লাভলি! প্রকাশ্যে এল, এই ছবির সব চরিত্রদের লুক। মুখ্যভূমিকায় দেখা যাবে দেবযানী চট্টোপাধ্যায়ের ছেলে ঋক চট্টোপাধ্যায়কে।
এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন তিনি। এছাড়াও এই ছবিতে থাকছেন, রাজনন্দিনী পাল, খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার , দ্রোণ মুখোপাধ্যায়, কৌশিক ভট্টাচার্য, তপতি মুন্সী, বুদ্ধদেব ভট্টাচার্য , মৃন্ময় দাস ও অন্যান্যরা। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন শুভঙ্কর-শুভম জুটি ও আবহসঙ্গীত নির্মাণ করেছেন এস. পি. ভেঙ্কটেশ। সকালেই খুব উৎসাহী এই ছবি নিয়ে।
সায়ন্তন বা সন্তনুকে কেন্দ্র করেই গল্প বিবর্তিত হয়েছে। তার বাবা রমণীকান্তের ধানের ব্যবসা। প্রতিষ্ঠিত চাল মিলের মালিক সুবিমলবাবুর কারখানায় ধান যোগান দেওয়া তার গুরুত্বপূর্ণ ব্যবসা। আর সেই ব্যবসায় তাঁর প্রতিন্ধন্দ্বীও রয়েছে। আর গ্রামের সেই প্রভাবশালী চাষীর ছেলে সন্তু বাবার ব্যবসার বাইরে গিয়ে কিছু করার আশায় বাড়ির অমতে চলে যায় কলকাতায়। আর সেখানেই, চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে দেখা হয়ে যায় নিধির সঙ্গে। আর তারপরেই প্রেম। নিধির কেউ ছিল না। তাঁরই প্রেমে পড়ে সন্তু। সেই সম্পর্ক এতটাই গভীর যে তাঁরা বিয়ের সিদ্ধান্তও নেয়। কিন্তু নিধি জানায়, সন্তুর বাবা-মায়ের অনুপস্থিতিতে বিয়ে করবে না সে। কিন্তু সেই শর্ত সফল হয় না। সন্তু আর নিধির সম্পর্ক কী পরিণতি পাবে নাকি ভেঙে যাবে? সেই উত্তর মিলবে ছবির গল্পেই।
এই ছবি নিয়ে পরিচালক বলছেন, ‘এই ছবি সপরিবারে দেখার মতো একটা ছবি। প্রথমবার এই ছবিতে মদন মিত্রকে অভিনয় করতে দেখবেন দর্শক। লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতাদের কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন মদন মিত্র। ব্যক্তি হিসেবে মদন মিত্রের যে ব্যক্তিত্ব, সেই আমেজ বজায় রেখেই এই ছবিতে এক নতুন অবতারে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, এই ছবি দিয়ে বাংলা ছবির জগতে প্রথমবার পা রাখছেন ঋক।' আগামী ২৫ শে আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।
