Entertainment

1 hour ago

Kangana’s New Mission: ২৬/১১-এর বিভীষিকা এবার বড়পর্দায়, প্রকাশ্যে কঙ্গনা রানাউতের ‘ভারত ভাগ্যবিধাতা’র প্রথম পোস্টার

Kangana Ranaut's Thriller 'Bharat Bhagya Vidhata' Based On Real-Life Story
Kangana Ranaut's Thriller 'Bharat Bhagya Vidhata' Based On Real-Life Story

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ফের একবার বাস্তব ঘটনার আবেগ আর সাহসিকতার গল্প নিয়ে বড়পর্দায় হাজির হতে চলেছেন কঙ্গনা রানাউত। তাঁর নতুন ছবি ‘ভারত ভাগ্যবিধাতা’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। একই সঙ্গে জানানো হয়েছে, আগামী ১২ জুন মুক্তি পাবে ছবিটি। ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার পটভূমিতে তৈরি এই ছবিতে উঠে আসবে আতঙ্কের সেই রাতের এক মানবিক অধ্যায়। প্রকাশিত পোস্টারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আতঙ্কে ভরা এক হাসপাতালের পরিবেশ। চারদিকে উদ্বিগ্ন নার্সদের মুখ, আর ছায়ার মতো ঘিরে থাকা জঙ্গিদের উপস্থিতি যেন ফিরিয়ে আনছে সেই ভয়াবহ রাতের স্মৃতি। পোস্টারে লেখা রয়েছে ‘মুম্বই আন্ডার অ্যাটাক’, যা থেকেই স্পষ্ট ছবির প্রেক্ষাপট। তবে শুধুমাত্র হামলার ভয়াবহতা নয়, হাসপাতালের চিকিৎসাকর্মীদের সাহস, দায়িত্ববোধ এবং আত্মত্যাগই এই ছবির মূল আকর্ষণ হতে চলেছে বলে জানা যাচ্ছে।

সোশাল মিডিয়ায় পোস্টার প্রকাশের সময় নির্মাতাদের পক্ষ থেকে লেখা হয়েছে—‘সাধারণ মানুষের অসাধারণ এক কাহিনি! সেই রাতের উপাখ্যান—যখন মানবতা উচ্চতায় ছাপিয়ে গিয়েছিল ভয়কে। যখন দায়িত্ব হয়ে উঠেছিল আত্মত্যাগ। যখন একতা হয়ে উঠেছিল কর্তব্য। আর সাহস বাঁচিয়েছিল প্রাণ। ভারতের প্রকৃত নায়কদের এক অকথিত কাহিনি।’ ছবিতে একজন নার্সের ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা নিজেই। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গিরিজা ওক। ছবিটি পরিচালনা করেছেন মনোজ তাপাদিয়া। বিনোদন মহলের খবর, হাসপাতালের কর্মীদের অদেখা সংগ্রাম ও মানবিকতার গল্পই ছবির মূল উপজীব্য।


এরই মধ্যে অন্য একটি বড় প্রজেক্ট নিয়েও ব্যস্ত রয়েছেন কঙ্গনা। শোনা যাচ্ছে, দক্ষিণ মুম্বইয়ে শুরু হয়েছে ‘ক্যুইন ২’ -এর শুটিং। ২০১৪ সালের সুপারহিট ছবি ‘ক্যুইন’-এর সিক্যুয়েল ঘিরেও দর্শকদের উৎসাহ তুঙ্গে। মুম্বই ও শহরতলির একাধিক জায়গায় চলছে শুটিং, এমনকি গ্রান্ট রোড এলাকায় তৈরি হয়েছে ‘রানি’র বাড়ির বিশেষ সেটও। রাজনীতির ময়দান এবং অভিনয়— দুই ক্ষেত্রই এখন সমানভাবেঈ সামলাচ্ছেন কঙ্গনা। সাংসদ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি একাধিক ছবির কাজ নিয়ে বর্তমানে অত্যন্ত ব্যস্ত সময় কাটছে তাঁর। সেই আবহেই ‘ভারত ভাগ্যবিধাতা’র পোস্টার সামনে আসতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে ২৬/১১-এর স্মৃতি। এর আগে রামগোপাল ভার্মার ‘দ্য অ্যাটাকস অফ ২৬/১১’ দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছিল। এবার কঙ্গনার এই নতুন ছবি সেই আবেগ এবং বাস্তবতার ছোঁয়া কতটা তুলে ধরতে পারে, সেদিকেই নজর সিনেমাপ্রেমীদের। 

You might also like!