2 years ago
Saregamapa: সারেগামাপা- মঞ্চে ফিরে কান্নায় ভেঙে পড়লেন অ্যালবার্ট কাবো!
Albert Cabo (File Picture)
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলা সারেগামাপায় অংশগ্রহণ করেছিলেন তিনি। এবং নিজের সুরের জাদুতে দর্শকের মন মাতিয়েও রেখেছিলেন অ্যালবার্ট কাবো লেপচা। ফাইনাল অবধি পৌঁছে গেলেও বিজেতা হওয়ার স্বপ্ন সাকার হয়নি এই শিল্পীর। কিন্তু ভিয়ুয়ার্স চয়েসের নিরিখে প্রথম স্থান অধিকার করেছিলেন তিনি। পদ্মপলাশ হালদার এবং অস্মিতা দাস শোয়ের বিজেতা হওয়ায় সমালোচনার ঝড় ওঠে। এর কয়েক মাস পেরোতেই হিন্দি সারেগামাপার মঞ্চে ফিরছেন কাবো। আগামী ২৬ অগাস্ট থেকে শুরু হচ্ছে সারেগামাপা হিন্দির নয়া সিজন। ওই শো-র মঞ্চে দেখা গেল কালিম্পঙের কাবোকে। হিন্দি সারেগামাপার প্রোমোতে দেখা গিয়েছে, সেখানে বিচারকদের উদ্দেশ্য করে তিনি বলছেন, 'আমি এ বছর একেবারেই আসতে চাইনি।' তাঁর মুখে ওই কথা শুনে নীতি মোহন প্রশ্ন করেন, 'কেন আসতে চাননি শুনি?' বিচারকের প্রশ্নে ফুঁপিয়ে কেঁদে ওঠেন অ্যালবার্ট কাবো। পূজাও নিজেকে স্থির রাখতে পারেননি। কাঁদেন তিনিও। তাঁদের এই কান্নার কারণ হল, জুলাই মাসেই নিজেদের সন্তান এভলিনকে হারিয়েছে দম্পতি। এক বছর পূর্ণ হওয়ার আগেই গুরুতর অসুখে ভুগতে শুরু করেছিল কাবো-পূজার শিশুকন্যা।