Entertainment

1 hour ago

Viral Celeb Spotting: আচমকা মুম্বইয়ে রিহানা—বিমানবন্দরে দেখা মিলতেই চমকে গেলেন পাপারাজ্জিরা

Singer Rihanna Arrives in Mumbai, Greets Fans
Singer Rihanna Arrives in Mumbai, Greets Fans

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সিনে দুনিয়ার ঝলমলে শহর মুম্বই-তে কখন কোন তারকা কোথায় দেখা দেবেন, তা আগেভাগে বোঝা প্রায় অসম্ভব। তবু সেলেবদের খোঁজে সদা প্রস্তুত থাকেন পাপারাজ্জিরা, বিশেষ করে বিমানবন্দরের মতো জায়গায়। ঠিক সেখানেই বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা ধরা দিলেন বিশ্বখ্যাত পপ তারকা রিহানা—আর তাতেই চাঞ্চল্য ছড়ায় নেটদুনিয়া থেকে মিডিয়া মহলে।

ভারতে তাঁর আগমনের কোনও পূর্বাভাস ছিল না। হঠাৎ বিমানবন্দরে তাঁকে দেখে প্রথমে যেন চোখকেই বিশ্বাস করতে পারেননি উপস্থিত পাপারাজ্জিরা। তবে রিহানা ছিলেন একেবারে স্বভাবসিদ্ধ ‘কুল’ মুডে—হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়েন, এমনকি উড়ন্ত চুমুও ছুঁড়ে দেন তিনি। কালো পোশাকে ক্যাজুয়াল লুকে নজর কেড়েছেন এই পপ আইকন। পনিটেল, কালো সানগ্লাস এবং গলায় মোটা সোনার হার তাঁর স্টাইলকে আরও আকর্ষণীয় করে তোলে। ব্যক্তিগত বিমান থেকে নেমেই দ্রুত গাড়ির দিকে এগিয়ে যান তিনি, তবে তার আগে পাপারাজ্জিদের সঙ্গে কয়েক মুহূর্তের সেই বন্ধুত্বপূর্ণ আচরণ ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।


কেন এই হঠাৎ ভারত সফর, তা এখনও স্পষ্ট নয়। তবে উল্লেখযোগ্য, ২০২৪ সালের মার্চে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট-এর প্রি-ওয়েডিং অনুষ্ঠানে পারফর্ম করতে ভারতে এসেছিলেন রিহানা। ফলে এবারও তাঁর সফর ঘিরে জল্পনা তুঙ্গে—নতুন কোনও অনুষ্ঠান নাকি ব্যক্তিগত সফর? নেটিজেনদের মধ্যেও কৌতূহল তুঙ্গে। রিহানার কনসার্টের ইচ্ছেপ্রকাশ করে এক নেটাগরিক লিখেছেন,’আমরা ভারতে একটা রিহানার কনসার্ট চাই।’  প্রায় দুই বছর পর ভারতে পা রাখলেন এই আন্তর্জাতিক তারকা। সম্প্রতি তৃতীয় সন্তানের মা হওয়া রিহানা-র এই সফর ঘিরে তাই স্বাভাবিকভাবেই উত্তেজনা বাড়ছে ভক্তদের মধ্যে। এখন সবার একটাই প্রশ্ন—এই সফরের আসল কারণ কী? 


You might also like!