
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউড থেকে রাজনীতি—নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক চমকপ্রদ দাবি। রাঘব চড্ডা-র বিজেপিতে যোগদান নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে নভজোত কৌর সিধু-র মন্তব্যে। তাঁর দাবি, এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। সম্প্রতি আম আদমি পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টি-তে যোগ দেন রাঘব। আর এরপরই শুরু হয় নানা জল্পনা। নভজোত কৌরের কথায়, আপের সঙ্গে সম্পর্কের অবনতি এবং সম্ভাব্য তদন্তের আশঙ্কার জেরেই রাঘবকে দলবদলের পরামর্শ দেন প্রিয়ঙ্কা। এমনকি তাঁর দাবি, বোন পরিণীতি চোপড়া-র কথা ভেবেই নাকি রাঘবের পাশে দাঁড়ান ‘দেশি গার্ল’।

তিনি আরও জানান, বিজেপির অন্দরে প্রিয়ঙ্কার যোগাযোগ থাকায় রাঘবের জন্য পথ মসৃণ করতেও তিনি উদ্যোগী হন। এরপরই নাকি পদ্মশিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন রাঘব। তবে এই বিস্ফোরক দাবির পরও এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি প্রিয়ঙ্কা, পরিণীতি বা রাঘবের তরফে। ফলে বিষয়টি ঘিরে জল্পনা আরও বাড়ছে।
অন্যদিকে, দলবদলের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েছেন রাঘব চড্ডা। শুধু তিনিই নন, তাঁর সঙ্গে আপের আরও কয়েকজন সাংসদ বিজেপিতে যোগ দেওয়ায় রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পর তাঁর সোশ্যাল মিডিয়া ফলোয়ারের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। সব মিলিয়ে বলিউড-রাজনীতির এই যোগসূত্র ঘিরে বিতর্ক এখন তুঙ্গে, আর সত্যি কী—তা জানতে অপেক্ষায় সকলে।
Priyanka Chopra attended the wedding of Raghav Chadha and Parineeti Chopra
