
মুম্বই, ৩ আগস্ট : জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশ নীতিন দেশাইয়ের দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে, আত্মীয়দের অনুরোধে আপাতত মর্গে রয়েছে নীতিন দেশাইয়ের মরদেহ। বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের জেজে হাসপাতালের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। রায়গড় পুলিশ জানিয়েছে, শিল্প নির্দেশক নীতিন দেশাইয়ের পোস্টমর্টেম করেছেন ৪ জন চিকিৎসকের একটি দল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে।
চলতি সপ্তাহেই ছিল জন্মদিন। তার আগেই বুধবার মহারাষ্ট্রের রায়গড়ের স্টুডিও থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় চারটি জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক নীতিন চন্দ্রকান্ত দেশাইয়ের। মুম্বই পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নীতিন। কিন্তু কেন তিনি নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিলেন তা এখনও জানাতে পারেনি পুলিশ।
বলিপাড়ায় দু’দশকের বেশি সময় ধরে কাজ করেছেন নীতিন। ‘১৯৪২: আ লভ স্টোরি’, ‘লগান’, ‘হম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘স্লামডগ মিলিয়নিয়র’-এর মতো ছবি কেরিয়ারের ঝুলিতে রয়েছে নীতিনের। ১৯৬৫ সালে মুম্বইয়ে জন্ম নিতিনের। শৈশব থেকে ছবি তোলা, ক্যামেরার কাজ এবং নির্দেশনার প্রতি আগ্রহ ছিল তাঁর। স্কুলের পড়াশোনা শেষ করে মুম্বইয়ের একটি কলেজে ফোটোগ্রাফি নিয়ে পড়েন নীতিন।
