
কলকাতা, ৩০ আগস্ট : প্রয়াত গীতিকার কবি কিংশুক চট্টোপাধ্যায়। বুধবার সোনারপুরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।বারাসতের বাসিন্দা ছিলেন কিংশুক। তাঁর মৃত্যুতে বাংলা সংগীত জগতে শোকের ছায়া।
পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই যকৃতের সমস্যার ভুগছিলেন তিনি। বিগত এক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। যদিও মাঝে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু সোমবার শারীরিক অবস্থা পুনরায় অবনতি হওয়ায় তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে মৃত্যু হয় গীতিকারের। তাঁর অকাল প্রয়ানে শোকস্তব্ধ বাংলার শিল্পী মহল।
কিংশুকের প্রয়াণের খবরটি সঙ্গীতশিল্পী সৌম্য বসু ফেসবুকে জানিয়েছেন। প্রয়াত গীতিকারের ছবি পোস্ট করে সৌম্য লেখেন, ‘‘আজ কবিতারা চুপ। আজ সকাল ছিল না, রাত্রি নেমে এলো...কথা কবিতার কালো দিন...ও পারে ভাল থাকিস কিংশুক।’’ হৈমন্তী শুক্ল, শিলাজিৎ, নচিকেতা, রূপঙ্কর বাগচী, সিধু-সহ একাধিক শিল্পীর সঙ্গে কাজ করেছেন কিংশুক।
সূত্রে খবর, বিগত প্রায় এক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মাঝে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কিন্তু সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
সৌম্য বসু জানালেন, বছর দশেক আগে শারীরিক অসুস্থতার কারণে গান লেখা বন্ধ করে দেন কিংশুক। তবে ২০১৬ সালে আবার তিনি গান এবং কবিতা লিখতে শুরু করেন।মদন মিত্র অভিনীত এবং হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘ওহ্ লাভলি’ ছবিতেও কাজ করেছিলেন কিংশুক।
