Entertainment

2 hours ago

Sonu Sood Steps In: "সাহায্য লাগলে ইনস্টাগ্রামে মেসেজ করুন", দুবাইয়ে আটকে পড়া পর্যটকদের পাশে সোনু সুদ

Sonu Sood announces free accommodation for people stranded in Dubai
Sonu Sood announces free accommodation for people stranded in Dubai

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মধ্যপ্রাচ্যে ইরান–ইজরায়েল সংঘাতের জেরে বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় দুবাইয়ে আটকে পড়েছেন বহু পর্যটক। এমন পরিস্থিতিতে বিপাকে পড়া মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। তিনি ঘোষণা করেছেন, দুবাইয়ে আটকে থাকা পর্যটকদের জন্য বিনামূল্যে থাকা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। এর আগেও মানবিক কাজের জন্য বহুবার প্রশংসিত হয়েছেন সোনু। বিশেষ করে কোভিডের সময়ও তিনি পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছিলেন। সেই ধারাবাহিকতাতেই আবারও সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ালেন অভিনেতা।

সম্প্রতি নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি বার্তা দিয়ে সোনু জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে যাঁরা দুবাইয়ে আটকে পড়েছেন এবং থাকার জায়গা পাচ্ছেন না, তাঁদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হচ্ছে। তিনি লেখেন, " যুদ্ধের জন্য বহু পর্যটক দুবাইতে আটকে পড়েছেন৷ যদি আপনি এমন কাউকে জানেন, যাঁর থাকার কোনও জায়গা নেই, আমরা তাঁদের জন্য বিনামূল্যে থাকার বন্দোবস্ত করে দিচ্ছি। কোনও জাতিভেদ নেই। কোনও শর্ত নেই৷ কেবলমাত্র মানবিকতা৷ যদি আপনার সাহায্য লাগে, ইনস্টাগ্রামে আমাদের মেসেজ করুন। " একটি ভিডিওবার্তাতেও সোনু বলেন, কেউ যদি সাম্প্রতিক খারাপ পরিস্থিতির কারণে দুবাইতে আটকে থাকেন, তাঁদের আমরা বলতে চাই, আপনাদের থাকার জন্য একটা জায়গা আছে৷ আপনি যাতে বিনামূল্যে থাকতে পারেন সেই ব্যবস্থা আমরা করব নিশ্চিতভাবে৷ "

অভিনেতার এই উদ্যোগ সমাজমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকেই তাঁর মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার সরাসরি সাহায্যের আবেদনও জানিয়েছেন। এক ব্যক্তি লিখেছেন, " প্রিয় সোনুজি, আমার ছেলে এবং বৌমা দুবাইতে আটকে পড়েছে৷ নতুন বিয়ে হয়েছে, ওঁরা মধুচন্দ্রিমায় গিয়েছিল৷ বিমানযাত্রা বন্ধ থাকায় দুবাইতে আটকে পড়েছে৷ আপনার সাহায্য চাইছি৷ ওঁদের তাড়াতাড়ি ভারতে ফেরা প্রয়োজন কারণ আমার বৌমার পরীক্ষা আছে৷" আরেকজন ব্যবহারকারী লিখেছেন, " স্যর, আপনি আমাদের মন জয় করে নিয়েছেন। যদিও আরব আমিরশাহিতে সরকারি প্রচেষ্টায় পর্যটকদের জন্য হোটেলের ঘর আর খাবারের ব্যবস্থা করা হয়েছে৷ আমাদের কোনও অসুবিধা হচ্ছে না৷ তবুও এই উদ্যোগ প্রশংসনীয়৷ "

উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার পর বিমান চলাচলে প্রভাব পড়েছে। দুবাইভিত্তিক বিমানসংস্থা এমিরেটস জানিয়েছে, যাঁদের আগে থেকেই টিকিট বুক করা রয়েছে তাঁদের যাত্রার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এই পরিস্থিতিতে দুবাইয়ে আটকে পড়া পর্যটকদের জন্য সোনু সুদের সাহায্যের হাত অনেকের কাছেই বড় ভরসা হয়ে উঠেছে। 

You might also like!